
প্রতিনিধি 24 November 2026 , 11:25:19 প্রিন্ট সংস্করণ
মেজর লিগ সকারে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার জিতেছেন ২০২৬ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই তরুণ।
২০২০ সালে রুকি অফ দ্য ইয়ার পুরস্কারের পরিবর্তে অনূর্ধ্ব-২২ বছর বয়সী সেরা খেলোয়াড়দের জন্য চালু হয় বর্ষসেরা তরুণ পুরস্কার। ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতলেন সুলিভান। এর আগে এই রেকর্ডটি ছিল রিকার্ডো পেপির, ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন সুলিভান।
ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি গড়লেন সুলিভান। ক্লাবের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ভোটের মোট হারে তার ধারে কাছেও নেই কেউ। মোট ৬৫.০৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম নিউ ইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছে ১০.৯৮ শতাংশ ভোট। তিন নম্বরে থাকা রেড বুলসের আদি মেহমেতি পেয়েছেন ৫.৯৮ শতাংশ ভোট।
নিজের প্রথম পূর্ণাঙ্গ এমএলএস মৌসুমেই এবার দারুণ পারফরম্যান্স করেছেন সুলিভান। নিয়মিত মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে ২৩ গোলে অবদান রেখেছেন এই তরুণ। এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ডও এটি।
টানা ১০ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করেছেন সুলিভান। এমএলএসের ইতিহাসে কিশোর ফুটবলারদের মধ্যে এটিই দীর্ঘতম ধারাবাহিকতা। সেপ্টেম্বর মাসে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। ১৭ বছর দুই দিন বয়সে ওই স্বীকৃতি পেয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাসসেরা হওয়ার কীর্তি গড়েন।
ক্লাবের পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরুর কীর্তি গড়েন।
এরপর জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতাও হয়েছেন তিনি। ওই সময় তার বয়স ছিল ১৭ বছর পাঁচ দিন।