
প্রতিনিধি 13 October 2026 , 6:17:34 প্রিন্ট সংস্করণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার-সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন দুজনই। ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠেছেন সোবহানা। আর ১১ ধাপ এগিয়ে অধিনায়ক জ্যোতি এখন যৌথভাবে ২৪ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা খেলেছেন ১৩৪ বলে ১১৮ রানের অসাধারণ এক ইনিংস। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই প্রথম সেঞ্চুরি। সেই ম্যাচে জ্যোতির সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। জ্যোতি অপরাজিত ছিলেন ৭৪ রানে।
অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ডও এগিয়েছেন র্যাঙ্কিংয়ের রেটিংয়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৫৭ বলে ৭৭ ও ৫১ বলে ৭০ রান করেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭২৭, যা ক্যারিয়ারসেরা। ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছেন লিচফিল্ড। তৃতীয় স্থানে থাকা সতীর্থ বেথ মুনি ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ২২১ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। হাতে ছিল ১৩১ বল। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জর্জিয়া ভল। অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলেন তিনি, যা তাঁর ক্যারিয়ারসেরা। এই পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন ভল।
অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার এলিসে পেরিও সেরা দশে ফিরেছেন। প্রথম দুই ম্যাচে অপরাজিত ২৬ ও ১৯ রান করা পেরি দুই ধাপ এগিয়ে এখন দশম স্থানে।
বাংলাদেশের রিতু মণিও এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৩ বলে ৪৫ রান করেন তিনি। এতে ব্যাটারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠেছেন রিতু।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার মেগান শাটের। প্রথম ওয়ানডেতে ১৯ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে ৪ উইকেট নেন তিনি। দুই ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে শাট। তাঁর ঠিক ওপরে চতুর্থ স্থানে আছেন সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড। প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
এদিকে নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার স্টেফানি টেলরের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ৩৯ বলে অপরাজিত ৬৪ রান করার পাশাপাশি ৮ রানে নেন ২ উইকেট। তাঁর পারফরম্যান্সে আট উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে সফরকারীরা। তিনটি ম্যাচেই একই ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
এই পারফরম্যান্সে নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে যৌথভাবে ৪০ নম্বরে উঠেছেন টেলর। অলরাউন্ডারদের তালিকায় তাঁর উন্নতি ২৯ ধাপ। সেখানে এখন তাঁর অবস্থান ৩৯তম।
জিম্বাবুয়ের হয়ে সিরিজের শেষ ম্যাচে ৬৩ রান করেন ওপেনার কেলিস এনধলোভু। পাঁচ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় এখন ৬৭ নম্বরে তিনি। তাঁর সতীর্থ বেলাভড বিজাও ব্যাটারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ৯৬ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে ৪৫ নম্বরে আছেন বেলাভড।