
প্রতিনিধি 5 October 2026 , 4:40:49 প্রিন্ট সংস্করণ
যে ম্যাচটি কেউ দেখতে চাননি, সেটিই এখন সামনে। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সমাপ্তি রেখা টানার অপক্ষো।
বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শক মেসিকে বিদায় জানাতে মাঠে উপস্থিত থাকবেন।
ওলের প্রতিবেদন, মেসি আজ সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনে অংশ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে হবে দ্বিতীয় অনুশীলন। সেখানেই মেসিকে ঘিরে স্কোয়াডের শেষ প্রস্তুতি নেবেন কোচ লিওনেল স্কালোনি। গত দুই ম্যাচের একাদশে আসবে বড় পরিবর্তন। মেসির বিদায় উপলক্ষে সিনিয়ররা ফিরবেন শুরুর একাদশে।
এই ম্যাচের জন্যই মূলত মেসিকে দলে রাখা হয়েছে। বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই প্রীতি ম্যাচে তিনি খেলেননি। মেসির সঙ্গে দলে যোগ দেওয়ার কথা রয়েছে জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল ও নিকোলাস ওতামেন্দির। এই তিনজনকেও বিশেষভাবে বিদায়ী ম্যাচের জন্য দলে রাখা হয়েছে।
মেসির বিদায়ী ম্যাচের আগে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা। ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা। বুরকিনা ফাসোর বিপক্ষে এসেছে আরও বড় জয়। আর্জেন্টিনা জিতেছে ৭-০ গোলে।
এই দুই ম্যাচে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে দেখেছেন স্কালোনি। নতুন প্রক্রিয়ার জন্যও গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ দুটি। আর্জেন্টিনার পরবর্তী লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ।
তবে বেনিনের বিপক্ষে ম্যাচে সব আলো থাকবে মেসিকে ঘিরে। জাতীয় দলের হয়ে মেসির এটি হবে শেষ ম্যাচ। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন ছয়টি বড় শিরোপা। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের সোনা, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার জার্সিতে তাঁর গোলসংখ্যা ১২৫। এর সঙ্গে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত।
মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনও আত্মবিশ্বাসী। গত মঙ্গলবার আইভরি কোস্টের আবিদজানে তারা ২-১ গোলে হারিয়েছে মৌরিতানিয়াকে।
এই জয়ে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে বেনিন। তাদের পয়েন্ট ৪। সমান ৪ পয়েন্ট নিয়ে একই অবস্থানে আছে বুরকিনা ফাসো।
জার্মান কোচ গের্নট রোর মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচের শুরুর একাদশই ধরে রেখেছিলেন। তবে এবার দলকে জিতিয়েছেন রাফায়েল আলোকো। তাঁর জোড়া গোলে দুই গোলের ব্যবধান তৈরি করে বেনিন। পরে একটি গোল শোধ করে মৌরিতানিয়া। তবে জয় ধরে রাখে বেনিন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর মঙ্গলবার আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ শুরু হবে রাত ৮টায়। ম্যাচটি হবে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।
আর্জেন্টিনা-বেনিন ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস ও তেলেফে। এ ছাড়া স্ট্রিমিংয়ে ম্যাচ দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে, মি তেলেফে, ফ্লো, ডিজিও এবং টেলেসেন্ত্রো প্লে-তে।
আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে মেসির সর্বশেষ ম্যাচ ছিল গত ৩১ মার্চ। সেদিন বিশ্বকাপের আগে লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসিও গোল করেছিলেন। আর্জেন্টিনা জিতেছিল ৫-০ গোলে।
এবার সেই আর্জেন্টিনার মাটিতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন মেসি।
মেসিকে বিদায়ী ম্যাচে স্কালোনির সম্ভাব্য একাদশ:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ড: রদ্রিগো দি পল, এনজো ফের্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।
কোচ: লিওনেল স্কালোনি ।