
প্রতিনিধি 30 September 2026 , 3:03:45 প্রিন্ট সংস্করণ
নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে থাকার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। ডেনমার্ক ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি পর্তুগিজ অধিনায়ক। একই সময়ে তাকে নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা।
পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা ও ও জোগো জানিয়েছে, মালমো এফএফের এ্যালেদা স্টেডিয়ামে দলের অনুশীলনে ছিলেন না রোনালদো। স্টেডিয়ামে তার নির্দিষ্ট অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় হোটেলে ফিরে জিমে আলাদা অনুশীলন করেন আল নাসরের এই ফরোয়ার্ড।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনও একই ব্যাখ্যা দিয়েছে। রোনালদোর অনুপস্থিতির পেছনে কোনো শারীরিক সমস্যা নেই বলেই জানিয়েছে তারা।
তবে ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন নরওয়ের বিপক্ষে এক মিনিটও না খেলা নিয়ে রোনালদোর পরিস্থিতি আগে থেকেই আলোচনায়। ওই ম্যাচের পর জেসুস বলেছিলেন, ৪১ বছর বয়সী রোনালদোর শারীরিক সক্ষমতা নিয়ে কোনো সমস্যা ছিল না। ম্যাচের প্রয়োজন বিবেচনাতেই তাকে মাঠে নামানো হয়নি।

জেসুস বলেছিলেন, ‘এটা তাকে শারীরিকভাবে রক্ষা করার জন্য ছিল না।’একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রোনালদোর বয়স এখন ৪১, ২০ নয়।
আ বোলার খবর অনুযায়ী, রোনালদোকে ঘিরে তৈরি পরিস্থিতি সামলাতে কোপেনহেগেনে যান পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি প্রোয়েন্সা। সেখানে তিনি অধিনায়ক রোনালদো ও কোচ জেসুসের সঙ্গে বৈঠক করেন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচও মাঠে বসে দেখেন তিনি।
পর্তুগিজ টেলিভিশন এসআইসির সাংবাদিক নুনো লুজ জানিয়েছেন, নরওয়ে ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখার বিষয়টি ভালোভাবে নেননি রোনালদো। তার মতে, মাঠের পাশে গা গরম করেও শেষ পর্যন্ত না নামানোকে অপ্রয়োজনীয় এবং অস্বস্তিকর পরিস্থিতি হিসেবে দেখেছেন পর্তুগাল অধিনায়ক।
তবে প্রকাশ্যে অসন্তোষের কোনো বার্তা দেননি রোনালদো। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগালের পতাকা ও হৃদয়ের ইমোজিসহ নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।
এসআইসি আরও জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথাও ভেবেছিলেন রোনালদো। পরে তার সঙ্গে জেসুস ও প্রোয়েন্সার বৈঠকের পর সেই ভাবনা থেকে সরে এসে জাতীয় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
চলতি আন্তর্জাতিক বিরতিতে রোনালদোকে ব্যবহারের পরিকল্পনাও আগে থেকেই ঠিক করা হয়েছিল বলে জানিয়েছেন জেসুস। তার ভাষ্য অনুযায়ী, প্রথম ও শেষ ম্যাচে রোনালদোকে খেলানোর সিদ্ধান্ত ছিল এবং নরওয়ের বিপক্ষে প্রায় ৩০ মিনিট খেলানোর কথাও আলোচনা হয়েছিল।