
প্রতিনিধি 10 September 2026 , 4:04:31 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের পর প্রথম দলেই বড় পরিবর্তন আনলেন কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের ২৬ জনের দলে প্রথমবার ডাক পেয়েছেন আট ফুটবলার। ফিরেছেন বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া এস্তেভাও, জোয়াও পেদ্রো ও আন্দ্রেই সান্তোস।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঘোষিত দলে নেই নেইমার ও কাসেমিরো। তবে আক্রমণে ভরসা থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের মিলিয়েই ২০৩০ বিশ্বকাপের দল গড়তে চান আনচেলত্তি।
বিশ্বকাপের দলের মাত্র নয়জন আছেন নতুন তালিকায়। পরিবর্তনের প্রভাব পড়েছে গড় বয়সেও। বিশ্বকাপের দলের গড় বয়স ছিল ২৮ দশমিক ৮ বছর, এবার তা নেমেছে ২৪ দশমিক ৪ বছরে।
গোলরক্ষকদের ক্ষেত্রে বদলটা পুরোপুরি। বিশ্বকাপের দলে থাকা আলিসন, এদেরসন ও ওয়েভারতনের কাউকেই রাখা হয়নি। ডাক পেয়েছেন হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।

তবে অভিজ্ঞদের ফেরার সুযোগ থাকছে। আনচেলত্তি বলেছেন, ‘সবার জন্য দরজা খোলা।’ আপাতত তরুণদের নিয়ে কাজ করা ও তাদের উন্নতি পর্যবেক্ষণেই জোর দিতে চান তিনি।
আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।
রক্ষণভাগ: আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, জাইর কুনিয়া, মারকিনিওস, মাতেউজিনিও, মাউরো জুনিয়র, ভিতোর রেইস ও ওয়েসলি।
মধ্যমাঠ: আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিদন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ ও গাব্রিয়েল বোনতেম্পো।
আক্রমণভাগ: এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, সামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।