
প্রতিনিধি 14 September 2026 , 12:11:58 প্রিন্ট সংস্করণ
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ বিরতির পর আবারও জালের দেখা পেলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই উদীয়মান প্রতিভার দারুণ পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রোববার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা। সফরকারীদের হয়ে জোড়া গোল করেন সুলিভান।
এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচ শেষে ৯ জয় ও ৬ ড্রয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার সপ্তমে। এটি এমএলএসে ফিলাডেলফিয়ার টানা চতুর্থ জয়।
টুর্নামেন্টের ২৫তম রাউন্ডের এই ম্যাচে কাঙ্ক্ষিত গোল আদায়ে শতভাগ নিখুঁত ছিল সফরকারীরা। পুরো ম্যাচে গোলমুখে নেওয়া ৫টি শটের ৫টিকেই গোলে পরিণত করে তারা। অন্যদিকে স্বাগতিক সান দিয়েগো সমান সংখ্যক শট নিলেও ফিলাডেলফিয়ার জ্যামাইকান গোলকিপার আন্দ্রে ব্ল্যাকের দেয়াল ভাঙতে পারেনি। অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষের সবগুলো আক্রমণ রুখে দেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময় পর্যন্ত শক্ত প্রতিরোধ গড়ে রেখেছিল সান দিয়েগো। তবে যোগ করা সময়ে ডেডলক ভাঙেন কাভান সুলিভান। সতীর্থ ইনডিয়ানা ভাসিলেভের বাড়ানো বল থেকে কাউন্টার অ্যাটাকে বক্সের মাঝখান থেকে নিখুঁত বাঁ পায়ের শটে বল পোস্টের ডান কোণ দিয়ে জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ফিলাডেলফিয়া। ৬২তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুলিভান। টুর্নামেন্টে ১৬বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের এটি ষষ্ঠ গোল। এর ঠিক পাঁচ মিনিট পর ফিলাডেলফিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন দামিয়ানি।
ম্যাচের শেষ দিকে পুরোপুরি ভেঙে পড়ে স্বাগতিক ডিফেন্স। ৮৭তম মিনিটে সান দিয়েগোর মিডফিল্ডার আনবিল গোডির মারাত্মক ভুলে চতুর্থ গোলটি উপহার পায় ফিলাডেলফিয়া। এরপর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মালিক জাকুভিচ। ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।