• খেলা

    সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয়

      প্রতিনিধি 26 July 2026 , 11:20:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    লিওনেল মেসি বিশ্রামে থাকলেও জয়যাত্রা থামছে না ইন্টার মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের দারুণ ছন্দ ধরে রেখে শনিবার মন্ট্রিলকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটি ছিল ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ। অভিষেকেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

    ম্যাচের বেশির ভাগ সময় দু’দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৮১তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ইন্টার মায়ামি।

    তবে গোলের আগেই মাঠে ঘটে উদ্বেগজনক এক ঘটনা। বল দখলের লড়াইয়ে মন্ট্রিলের এফ্রেইন মোরালেসের সঙ্গে আকাশে ওঠার সময় মাথায় গুরুতর আঘাত পান মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড হেরমান বারতেরামে। সংঘর্ষের পর তিনি মাঠেই নিথর হয়ে পড়ে থাকলে দু’দলের খেলোয়াড়রা দ্রুত চিকিৎসাকর্মীদের ডাকেন। দীর্ঘ সময় মাঠে চিকিৎসা দেয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

    ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়োস জানান, বারতেরামে সচেতন আছেন এবং শঙ্কামুক্ত। সতীর্থের প্রতি সমর্থন জানিয়ে গোল উদ্‌যাপনের সময় সুয়ারেজ বারতেরামের জার্সি তুলে ধরেন এবং গোলটি তাকে উৎসর্গ করেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সুয়ারেজ টানা তিন ম্যাচে নিজের ষষ্ঠ গোলটি করলেন।

    এদিকে, ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো অভিষেক ম্যাচেই মাঝমাঠে অভিজ্ঞতার ছাপ রেখেছেন। পুরো ম্যাচে তিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিপক্ষের আক্রমণ ভাঙার পাশাপাশি বল নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করেন।

    অন্যদিকে, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলার পর তাকে বিশ্রাম দেয়া হয়েছে। একই কারণে আর্জেন্টিনার আরেক মিডফিল্ডার রদ্রিগো ডি পলও এই ম্যাচে খেলেননি। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচে অংশ নেয়া মেসির জন্য বাধ্যতামূলক নয়।

    এই জয়ে ইন্টার মায়ামির জয়রথ আরও দীর্ঘ হলো। টানা ষষ্ঠ ম্যাচে জিতে তারা ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের মাত্র দুই পয়েন্ট পেছনে অবস্থান করছে। ফলে শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে।

    এদিকে, এমএলএসের আরেক ম্যাচে নতুন ক্লাব শিকাগো ফায়ারের হয়ে এখনো প্রথম জয়ের দেখা পাননি রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই পোলিশ স্ট্রাইকারের দল নিউইয়র্ক সিটি এফসির কাছে ৩-১ গোলে হেরে যায়।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    7:08 PM তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: আমিনুল হক 4:26 PM এশিয়ান গেমসের ক্যাম্প শুরু, ২ প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ 3:41 PM ওল্ড ট্র্যাফোর্ডে আজ ম্যানচেস্টারের শ্রেষ্ঠত্বের লড়াই 3:20 PM দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান 1:26 PM সাবালেঙ্কার ‘থ্রি-পিট’ স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রিবাকিনা 1:14 PM আলিস-রিশাদের ঘূর্ণি, সাইফের ব্যাটে ঝড় 12:34 PM নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক 12:15 PM আরাফাত রহমান কোকোর স্মরণে দেশব্যাপী টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হবে 6:51 PM বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরক্কোর দাবিতে স্পেনের কড়া জবাব 4:35 PM দূরপাল্লার সাঁতারে ৪ পদকজয়ী বাংলাদেশি সাঁতারুদের সংবর্ধনা