
প্রতিনিধি 9 July 2026 , 12:46:26 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে বিশ্বজুড়ে যখন তুমুল আলোচনা চলছে এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে, তখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও তিনি আর্জেন্টিনা-মিসর ম্যাচের মানের রেফারিং প্রত্যাশা করছেন।
মরক্কো ম্যাচের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে দেশম জানান, তিনি আশা করেন তাদের রেফারিও লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।

এদিকে ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি নির্ধারণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ম্যাচের দায়িত্বে থাকা পাঁচজন রেফারিই আর্জেন্টাইন। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের একধরনের প্রতিদ্বন্দ্বিতা থাকায় এবং একই দেশ থেকে পাঁচজন রেফারি নিয়োগ দেওয়ায় সমালোচনা আরও তীব্র হয়েছে। তাছাড়া গতবারের মতো এবারও ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এমন গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পাঁচ রেফারি দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ম্যাচটিতে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন ফাকুন্দো টেলো, যিনি এর আগে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনা করেছিলেন। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে ক্রিস্টিয়ান নাভারো দায়িত্ব পালন করবেন। রেফারি নিয়োগ নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হলেও দেশম বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাঠে তাদের প্রতিপক্ষ মরক্কো, কোনো রেফারি নয়।
কোচের মতো একই সুরে কথা বলেছেন ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার। গতকাল সংবাদ সম্মেলনে এই বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, গত ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে তাদের কিছুটা তিক্ততা থাকলেও এটি খেলারই অংশ। তিনি মনে করেন, কোনো রেফারি যদি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, তবে তা যোগ্যতার কারণেই পেয়েছেন।