
প্রতিনিধি 14 November 2026 , 11:10:26 প্রিন্ট সংস্করণ
লিওনেল মেসির বিদায়ের পর জাতীয় দলের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেল আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রানার্সআপরা।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৫ টায় শুরু হওয়া প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। রিও দে লা প্লাতা ডার্বির ১৯৮তম লড়াই ছিল এটি। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো এগিয়ে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয় ৯২টি, হার ৫৯টি। ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।
লা বোমবোনেরায় বল দখল আর গোলে শট নেওয়ার পরিসংখ্যানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭১.৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৭টি শট নেয় আলবিসেলেস্তেরা, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে উরুগুয়ের নেওয়া ৬টি শটের ৩টি ছিল লক্ষ্যে।
প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। গোলের কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। তবে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারায় বিরতিতে গোলশূন্য সমতায় থাকতে হয় দুই দলকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। জর্জিয়ান দে আরাসকায়েতার বাঁ প্রান্ত থেকে নেওয়া ফ্রি-কিক সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান আর্জেন্টিনার লিওনার্দো বালেরদি। লিসান্দ্রো মার্তিনেজের হেডে ক্লিয়ার করতে গিয়ে বল বালেরদির গায়ে লেগে জালে জড়ায়।
এরপর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। দে আরাসকায়েতার কর্নার থেকে বল পেয়ে যান মাক্সি আরাউহো। তার কাঁধে লেগে বল উঁচু হয়ে জালে ঢুকে যায়। তাতে ২-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
৭৩তম মিনিটে আলভারেজের গোলে ম্যাচে ফেরার আশা জাগে আর্জেন্টিনার। শেষ দিকে সমতা ফেরানোর আরেকটি ভালো সুযোগও পেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। তবে উরুগুয়ের রক্ষণ ভেদ করতে পারেনি স্বাগতিকেরা।
গত মাসে বেনিনের বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় জানান মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোল করে শেষ করেন আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক অধ্যায়। তাকে ছাড়া প্রথম ম্যাচেই হারল দলটি।