• খেলা

    সেমি-ফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের

      প্রতিনিধি 12 November 2026 , 4:40:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ব্যাটিং ব্যর্থতার পুরনো বৃত্ত ভাঙতে পারল না বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না তারা। রিজওয়ানউল্লাহর বিধ্বংসী বোলিংয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের দুই ওপেনারের ব্যাটে স্রেফ উড়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

    ওমানের আল আমেরাতে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। মাত্র ১৩৯ রানের লক্ষ্য তাড়ায় ২১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচ স্থায়ী হয় মোটে ৫৩.৩ ওভার।

    এ নিয়ে টানা দ্বিতীয় আসরে পাকিস্তানের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভাঙল বাংলাদেশের। গত ডিসেম্বরেও সেমি-ফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১২২ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছিল তারা।

    শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পেসার মোহাম্মদ সায়ামের তোপে দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড হন ওপেনার এসকে জারিফ সিয়াম। ষষ্ঠ ওভারে বোল্ড হয়ে ফেরেন কাওসার আহমেদ।

    চাপ সামলে দলকে টেনে তোলার চেষ্টা করেন আরেক ওপেনার আবদুল্লাহ আল মুহি ও অধিনায়ক ফরিদ হাসান। তৃতীয় উইকেটে তাদের ব্যাটে রানের চাকা কিছুটা সচল হয়। তবে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসেই চিত্রপট বদলে দেন রিজওয়ানউল্লাহ।

    ১৩তম ওভারে বোলিংয়ে এসে নিজের তৃতীয় বলেই ফরিদকে স্লিপে ক্যাচ বানিয়ে ভাঙেন ৪৩ বলে ৪৩ রানের জুটি। পরের ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিনও (১৫২ রানের ইনিংস খেলা ব্যাটার) সাজঘরে ফিরলে বিপদ বাড়ে দলের।

    এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া মুহি ফিফটি তুলে নেন। কিন্তু দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই আগ্রাসী শট খেলতে গিয়ে রিজওয়ানউল্লাহর বলে কট বিহাইন্ড হন তিনি। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫০ রান করেন এই ওপেনার।

    শেষ দিকে আল রাফি (২০) ও রাকিবুল হাসান (২৬) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রিজওয়ানউল্লাহর সামনে টিকতে পারেননি। ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন তিনি। সায়াম নেন ২ উইকেট।

    সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। নবম ওভারে জুটির পঞ্চাশ এবং ১৭তম ওভারে দলের শতরান পূর্ণ করেন তারা।

    জয় থেকে সামান্য দূরে থাকতে রবিউল হাসান অনিকের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন হায়াম। তার আগে ৮ চার ও ১ ছক্কায় ৭২ বলে খেলেন ৬৯ রানের ঝকঝকে ইনিংস। অন্য প্রান্তে ৭ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উসমান।

    টুর্নামেন্টের অপর সেমি-ফাইনালে আফগানিস্তানের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। আগামী শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 4:40 PM সেমি-ফাইনাল থেকেই বিদায় বাংলাদেশের • 3:33 PM এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী • 12:50 PM মেসি-ইয়ামাল নয়, নিজের নামে বড় হোক ফারহান: জামাল • 11:53 AM বিশ্বকাপ শুরুর আট দিন আগে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র • 11:32 AM সাফে বাংলাদেশের সেমিফাইনাল কবে, প্রতিপক্ষ কে? • 7:12 PM আইপিএল নিলামে দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার • 5:55 PM শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক • 3:14 PM জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী • 1:50 PM শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী • 12:22 PM হাঁটুর চোটে ছিটকে গেলেন ইয়ামাল