
প্রতিনিধি 5 October 2026 , 2:50:49 প্রিন্ট সংস্করণ
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড জে জে গ্যাব্রিয়েল আগামী ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্লাব ছাড়ার চুক্তি চূড়ান্ত করতে পারেন। রবিবার ম্যানচেস্টার ইভনিং নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
গ্যাব্রিয়েল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্টধারী। ফিফার অনুমোদন সাপেক্ষে ১৬ বছর পূর্ণ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের যেকোনো ক্লাবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে তাঁর। তবে ১৮ বছরের কম বয়সী ফুটবলারদের আন্তর্জাতিক দলবদলের ক্ষেত্রে ফিফার বেশ কিছু কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়।
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলন গ্রাউন্ডে অনুশীলন থেকে বিরত রয়েছেন গ্যাব্রিয়েল। এর পরিবর্তে, তিনি বার্সেলোনায় একজন ব্যক্তিগত কোচের অধীনে ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করছেন।

গ্যাব্রিয়েল ও তাঁর পরিবার প্রায়শই বার্সেলোনায় যাতায়াত করেন, যেখানে স্থানীয় বিশেষজ্ঞ কোচদের অধীনেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এমনকি কিছু ক্ষেত্রে তাঁর জন্য ম্যানচেস্টার থেকেও ব্যক্তিগত কোচ স্পেনে উড়িয়ে নেওয়া হয়েছে।
এদিকে, ইউরোপের দুই পরাশক্তি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে গ্যাব্রিয়েলের দলবদল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রিয়াল মাদ্রিদ গ্যাব্রিয়েলকে দলে ভিড়ানোর জন্য বেশ বড় ধরনের উদ্যোগ নিয়েছে। যদিও ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের আন্তর্জাতিক দলবদলে ফিফার বিধিনিষেধের বিষয়টি মাথায় রেখে তারা খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
অন্যদিকে, বেশ কয়েক বছর ধরে নজরদারিতে রাখা বার্সেলোনাকেও যুক্ত করা হচ্ছে এই তরুণের নাম। তবে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বিষয়টি নিয়ে কিছুটা রাখঢাক রেখে বলেছেন, গ্যাব্রিয়েল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট হওয়ার পরেই তাঁরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তা সত্ত্বেও এই কিশোর ফুটবলারের প্রতি বার্সেলোনার আগ্রহ তুঙ্গে। কাতালান ক্লাবটি ইউনাইটেডে গ্যাব্রিয়েলের চূড়ান্ত অবস্থান পরিষ্কার হওয়া মাত্রই আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা বিবেচনা করতে পারে।