• খেলা

    সুনামগঞ্জে নারী ফুটবলে বাধা, প্রতিবাদে মহিলা ক্রীড়া সংস্থা

      প্রতিনিধি 11 October 2026 , 6:55:40 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    সুনামগঞ্জের দিরাইয়ে বাধার মুখে আয়োজন করা যায়নি নারী ফুটবলের প্রীতি ম্যাচ। গত ৫ অক্টোবর স্বপ্নচূড়া ক্লাবের আমন্ত্রণে জারা স্পোর্টস ক্লাবের মেয়েদের ম্যাচটি হওয়ার কথা ছিল। সেই ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আজ বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

    এতে সেখানে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ক্লাবের কর্মকর্তা রাকিব আহমেদ ভূঁইয়া ও ফুটবলার শাবানা। ঘটনার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়েছে মহিলা ক্রীড়া সংস্থা।

    সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সিরাত জাহান শুক্লা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় ঠাকুরগাঁও ও ফরিদপুরে নারী ফুটবল বাধাগ্রস্ত হয়েছে। গণতান্ত্রিক ও ক্রীড়াবান্ধব সরকারের সময়ও নারী ফুটবলে এ রকম বাধা এল। আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। সেখানে পুনরায় এই ম্যাচ আয়োজনের দাবি জানাই।’

    স্বপ্নচূড়া ক্লাবের কর্মকর্তা রাকিব আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমাদের ক্লাবটি ২০১৯ সাল থেকে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত। এবারই প্রথম এমন বাধার সম্মুখীন হয়েছি। আমরা খেলা আয়োজনের জন্য প্রস্তুত ছিলাম। স্থানীয় প্রশাসন একপর্যায়ে আমাকে বলে, “খেলা হলে কোনো ঘটনা ঘটলে দায় আমাকে নিতে হবে।” এরপর শেষ পর্যন্ত খেলা বন্ধ করতে বাধ্য হই।’

    স্বপ্নচূড়ার খেলোয়াড় শাবানা দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেন, ‘আমরা অনেক কষ্ট করে খেলাধুলা করি। এভাবে বাধা ও হুমকি পেলে…। আমরা খেলতে চাই।’

    সাবেক জাতীয় তারকা শুটার ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না বলেন, ‘যারা ফুটবলে অশ্লীলতা দেখেন ও খেলাধুলাকে অশ্লীল ভাবেন, তাদের শিক্ষা ও পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। খেলোয়াড়েরা হেনস্তার শিকার হচ্ছেন, কিন্তু তাদের সামাজিকভাবে হেয় হওয়া দরকার। সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে মেয়েরা সাফল্য আনছেন। সেখানে মেয়েরা কেন খেলতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন?’

    গত দেড় বছরের মধ্যে ঠাকুরগাঁও ও ফরিদপুরের পর এবার সুনামগঞ্জে নারী ফুটবলাররা বাধার মুখে পড়লেন। তবে প্রতিবাদী সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থাকতে চায় না মহিলা ক্রীড়া সংস্থা। সভানেত্রী সিরাত জাহান শুক্লা বলেন, ‘আমরা অবশ্যই এ বিষয়ে বড় পদক্ষেপে যাব। মহিলা অধিকার পরিষদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরির উদ্যোগ নেব। মেয়েরা স্বাধীনভাবে খেলাধুলা করবে। যেখানে বাধা আসবে, সেখানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা প্রতিবাদ করবে।’

    স্থানীয় পর্যায়ে নারী খেলোয়াড়দের বাধার মুখে পড়ার ঘটনায় জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অধীনে এসব সংস্থা থাকলেও তাৎক্ষণিক প্রতিবাদ কিংবা সামাজিক সচেতনতা তৈরিতে তাদের ভূমিকা কী-এমন প্রশ্নের জবাবে সভাপতি সিরাত জাহান শুক্লা বলেন, ‘আমাদের কমিটি ১৮ জুলাই হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে এখনো কমিটি পুনর্গঠনের কাজ চলছে। সুনামগঞ্জে আমাদের কোনো কমিটি নেই। কমিটি হলে অবশ্যই স্থানীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে সামাজিক সচেতনতা ও প্রতিবাদে ভূমিকা রাখব।’

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:55 PM সুনামগঞ্জে নারী ফুটবলে বাধা, প্রতিবাদে মহিলা ক্রীড়া সংস্থা • 3:34 PM শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা • 1:28 PM ফাহামিদুলের নতুন ঠিকানা লেভান্তে • 1:11 PM হাসানের ৫ উইকেট, ২৪০ রানে শেষ আফগানিস্তান • 12:32 PM হাসান মাহমুদের হ্যাটট্রিকে দিশেহারা আফগানিস্তান • 12:17 PM শক্ত অবস্থানে থেকে ৩য় দিনে ব্যাটিংয়ে আফগানিস্তান • 12:04 PM সৌদিতে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ ঘোষণা • 6:57 PM রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়ন শেষে হস্তান্তর করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী • 4:02 PM ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের • 3:16 PM বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী