...
  • খেলা

    মেসির সাম্রাজ্যে চোখ থাকবে ‘ফারাও রাজার’ ওপরও

      প্রতিনিধি 7 July 2026 , 4:56:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত

    ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে তাঁর প্রতিটি ম্যাচ যেন ফুটবল ইতিহাসের আরেকটি স্মরণীয় অধ্যায়। ৩৯ বছর বয়সী এই তারকা মাঠে নামলেই কোটি ভক্তের নজর থাকে তাঁর দিকেই। তবে এবার তাঁর আলো ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহও।

    বিশ্বকাপের শেষ ষোলোয় আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে দুই দলের দুই মহাতারকা- লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জয়ী দল পরের রাউন্ডে খেলবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

    টুর্নামেন্টজুড়েই ফেবারিট হিসেবে মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে জয় পেতে তাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ফলে দলটি যে অপ্রতিরোধ্য- এমন ধারণায় কিছুটা হলেও চিড় ধরেছে। অন্যদিকে মিশরও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামছে। টুর্নামেন্টে টিকে থাকা আফ্রিকার দুটি দলের একটি হিসেবে পুরো মহাদেশের প্রত্যাশা এখন তাদের কাঁধে।

    বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৮ সালে কায়রোয় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে, যেখানে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

    পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তাদের। চলতি আসরেই তারা আলজেরিয়াকে ৩-০ এবং কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। আজ জিততে পারলে এক বিশ্বকাপে তিনটি আফ্রিকান দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম দল হওয়ার কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।

    তবে ম্যাচের আগে দুশ্চিন্তাও কম নয় আর্জেন্টিনা শিবিরে। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর খেলোয়াড়দের ক্লান্তি বড় চিন্তার বিষয়। চোটের কারণে লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনার খেলা অনিশ্চিত। তিনি না খেলতে পারলে নিকোলাস তাগলিয়াফিকোকে শুরুর একাদশে দেখা যেতে পারে। উইঙ্গার নিকো গনজালেসও গোড়ালির চোটে ভুগছেন।

    সবচেয়ে বড় উদ্বেগ অবশ্য অধিনায়ক মেসিকে ঘিরেই। অতিরিক্ত সময়সহ পুরো ম্যাচ খেলায় তাঁর ফিটনেস নিয়ে সতর্ক রয়েছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি নাহুয়েল মলিনা ও থিয়াগো আলমাদাকে বিশ্রাম দিয়ে একাদশে কিছু পরিবর্তনের কথাও ভাবছেন কোচ লিওনেল স্কালোনি।

    অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচ ও পেনাল্টি শুটআউটের ধকলের পর মিশরও চোট সমস্যায় জর্জরিত। পেশি ও হ্যামস্ট্রিংয়ের চোটে আহমেদ ফাতুহ ও আহমেদ এল ফুতুহ টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। বিকল্প করিম হাফেজের খেলাও অনিশ্চিত। এছাড়া সেন্টার-ব্যাক মোহাম্মদ আবদেলমোনেম গোড়ালির চোটে ভুগছেন এবং ম্যাচের আগে তাঁর ফিটনেস পরীক্ষা হবে।

    তবে মিশরের জন্য সুখবরও আছে। এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে দলে ফিরছেন মিডফিল্ডার মোহনাদ লাশিন। আর হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যা থাকলেও দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সালাহ। শতভাগ ফিট না হলেও লিভারপুল ফরোয়ার্ডকে ঘিরেই আর্জেন্টিনার বিপক্ষে বড় চমকের স্বপ্ন দেখছে ‘ফারাও’রা।

    মেসির অভিজ্ঞতা আর সালাহর গতি ও গোল করার সামর্থ্য—দুই তারকার দ্বৈরথই শেষ ষোলোর এই ম্যাচকে দিয়েছে বাড়তি আকর্ষণ। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার মিশন, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর মিশর। সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 6:56 PM শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল • 4:40 PM মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন • 3:16 PM আয়ারল্যান্ড-ইসরায়েল ম্যাচে এবার থুতু দেওয়ার অভিযোগ • 2:50 PM ক্লাব ছাড়ছেন ‘বেবি মেসি’, কাড়াকাড়ি বার্সা-রিয়ালের • 12:53 PM রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট উদ্বোধন • 11:29 AM রোনালদোবিহীন পর্তুগাল টানা ৪ জয়ে কোয়ার্টারে • 11:18 AM বেনিন ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত মেসির • 6:58 PM রুয়েলের ৫ উইকেটের পর জয়ের সেঞ্চুরি, খুলনায় ১৭ উইকেটের দিন • 6:30 PM এক দিনে দুই জার্সি, বোকায় জোড়া গোলের পর আর্জেন্টিনায় ফ্লোরেস • 4:37 PM শৃঙ্খলা ভঙ্গ: জরিমানার মুখে তিন ক্রিকেটার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.