
প্রতিনিধি 13 October 2026 , 4:20:23 প্রিন্ট সংস্করণ
যেন ছো মেরে ধরলেন ক্যাচটা, অনেক কষ্টে পাওয়া এই ব্রেকথ্রুতে মূল কৃতিত্বটা লিটন দাসের। এবাদত হোসেনের প্রায় বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে ইকরাম আলিখিল ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। নিজের চেয়ে বেশ দূর দিয়ে যাওয়া বলটি শরীর ভাসিয়ে দারুণভাবে তালুবন্দি করলেন লিটন। এর মধ্য দিয়ে তিনি টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ রান (৫৩ ও ১০২) ও ৯টি ডিসমিসাল করলেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। এর আগে দুই ইনিংসে ন্যূনতম হাফসেঞ্চুরি ও সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। তিনি ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০+ রান ও ৮টি ডিসমিসাল করেছিলেন। তাকেও ছাড়িয়ে গেলেন লিটন।
টেস্টে ইতিহাসগড়া এই কীর্তি অবশ্য আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের সামনে। চলমান আবুধাবি টেস্টের প্রথম ইনিংসেও প্রায় প্রথম স্লিপ থেকে ছো মেরে ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছিলেন লিটন। সেবারও বোলার ছিলেন এবাদত। আরও একবার তার বলেই বাংলাদেশ দারুণ দৃশ্যের সাক্ষী হলো। এর মধ্য দিয়ে ভেঙেছে আফগানিস্তানের ৬৬ রানের জুটি।
আগেরদিন বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেটে ১৩২ রান করেছিল আফগানিস্তান। আজ পঞ্চম ও শেষদিনে নামার আগে জয় পেতে তাদের দরকার ছিল ৩৪৭ রান প্রয়োজন। আর শান্ত-হাসানদের প্রয়োজন ৭ উইকেট। বেশ শক্তভাবেই টাইগার বোলারদের মোকাবিলা করছিলেন আফগান ব্যাটাররা। মাঝে হাশমতউল্লাহ শহীদি পায়ে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হলেও ব্যাট হাতে তাদের তেমন অসুবিধা হয়নি।
ইকরামকে ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ২০২ রানে চতুর্থ উইকেট হারাল আফগানরা। জয় না পেলেও তাদের সামনে ড্রয়ের ভালো সুযোগ রয়েছে। তবে বাংলাদেশ জয় নিশ্চিতে দরকার ৬ উইকেট। এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে এবাদত ৩ এবং হাসান মাহমুদ ১ উইকেট নিয়েছেন।