
প্রতিনিধি 3 October 2026 , 11:46:15 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টেস্ট সিরিজেই জাতীয় দলের কোচিং বহরে যোগ দেবেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সর্বোচ্চ ‘লেভেল-৪’ ডিগ্রিধারী কোচ মাকেতার কোচিং পেশায় দুই দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং প্রোভেন্সিয়াল ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সহকারী কোচ থাকাকালীন প্রোটিয়াদের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল প্রস্তুতিতে যুক্ত ছিলেন মাকেতা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। এছাড়া ভারতের বিপক্ষে ঘরের মাঠে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়সহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সফল দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও ভূমিকা রেখেছিলেন তিনি।
উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে মাকেতার বিশেষ পরিচিতি রয়েছে। দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল অ্যাকাডেমিতে তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি তিনি অনূর্ধ্ব-১৯ দলকে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ২০২৩-২৪ মৌসুমে সিএসএ ওয়ানডে কাপ ডিভিশন-২ শিরোপা জেতান।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে রয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের একটি তরুণ এবং সম্ভাবনাময় দল রয়েছে। খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে প্রধান কোচ ফিল সিমন্স ও বাকি কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, দারুণ এই যাত্রা শুরু করতে আমি সত্যিই রোমাঞ্চিত।’