
প্রতিনিধি 23 September 2026 , 2:17:17 প্রিন্ট সংস্করণ
নারী রেফারিকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য ও অসদাচরণের অভিযোগে চাকরি হারালেন ফেদেরিকো হিগুয়েন। যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব কলম্বাস ক্রু তাদের দ্বিতীয় দলের প্রধান কোচের পদ থেকে আর্জেন্টিনার সাবেক ফুটবলারকে সরিয়ে দিয়েছে। ফেদেরিকো হলেন আর্জেন্টিনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গনসালো হিগুয়েনের বড় ভাই।
ঘটনাটি গত ২৩ আগস্ট এমএলএস নেক্সট প্রোর ম্যাচে। হান্টসভিল সিটির বিপক্ষে ম্যাচ শেষে এক নারী রেফারির সঙ্গে করমর্দনের সময় তার হাত শক্ত করে ধরে রাখার অভিযোগ ওঠে ফেদেরিকোর বিরুদ্ধে। রেফারি তিনবার হাত ছাড়তে বললেও তিনি তা করেননি বলে জানিয়েছে পেশাদার রেফারিদের সংগঠন পিএসআরএ। এ সময় তিনি ওই রেফারিকে বলেন, “ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।”
ঘটনার পরই ফেদেরিকোকে লাল কার্ড দেখানো হয় এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে পিএসআরএ সেই শাস্তিকে যথেষ্ট মনে করেনি। সংগঠনটির দাবি ছিল, শারীরিক ভয় দেখানো ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
শেষ পর্যন্ত মঙ্গলবার ফেদেরিকোকে বরখাস্তের সিদ্ধান্ত জানায় কলম্বাস ক্রু। ক্লাবের মহাব্যবস্থাপক ইসা টল বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহায়ক কর্মীদের স্বার্থে ফেদেরিকো হিগুয়েনকে দায়িত্ব থেকে সরানোই সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করেছি।’ তিনি আরও জানান, গত এক মাসের ঘটনা পর্যালোচনায় দলের একজন নেতার কাছ থেকে ক্লাব যে মান প্রত্যাশা করে, তা পূরণ হয়নি।
ফেদেরিকো কলম্বাস ক্রুর হয়ে আট মৌসুম খেলেছিলেন এবং ক্লাবটির অন্যতম পরিচিত সাবেক ফুটবলার। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় দলের কোচের দায়িত্ব নেন তিনি।