
প্রতিনিধি 12 September 2026 , 6:51:51 প্রিন্ট সংস্করণ

প্রায় মাস দুয়েক আগে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত মেগা এই ইভেন্টের পর আলোচনায় পরবর্তী ২০৩০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের পরবর্তী ফাইনালের ভেন্যু নিয়ে এখন শুরু হয়েছে কথার লড়াই।
২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল। মেগা এই টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে মরক্কো ও স্পেন।
সম্প্রতি মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজার একটি বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। রাজনৈতিক এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, বেনস্লিমান প্রদেশের গর্ব হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা।
তবে লেকজার এই দাবিকে নাকচ করে দিয়েছেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান। পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন, ফাইনাল স্পেনের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
গ্রান কানারিয়ায় এক অনুষ্ঠানে লুজান বলেন, ‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে হবে না—এমন কোনো সম্ভাবনা নেই। স্পেনই সেই জায়গা, যেমনটা হওয়া উচিত। বড় আয়োজন করার ক্ষেত্রে স্পেনের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা বিশ্বের এক নম্বর ফুটবল দেশ।’

লেকজার সেই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ লুজান। তার মতে, এটি মরক্কোর অভ্যন্তরীণ রাজনৈতিক প্রচারণার অংশ এবং স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতা নিয়ে তৈরি পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা। লুজান বলেন, ‘কখনো কখনো মানুষ দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য মন্তব্য করে।’
ফিফা অবশ্য এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে লুজানের দাবি, যৌথ আয়োজনে স্পেনের ভূমিকা সবচেয়ে বেশি।
লুজানের ভাষ্য অনুযায়ী, আয়োজনের ক্ষেত্রে স্পেনের অংশ ৫৫ শতাংশ। তার দাবি, মরক্কো যুক্ত হওয়ার আগে স্পেনই ছিল এই প্রকল্পের মূল উদ্যোক্তা। আফ্রিকার সমর্থন পাওয়ার পর মরক্কোও এতে যুক্ত হয়।
লুজান আরও বলেন, শুরুতে স্পেন ও পর্তুগালের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেখানে ফাইনাল কোথায় হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল। সেটি করা হলে বর্তমানের এই বিতর্ক তৈরি হতো না।
তবে ফাইনাল শেষ পর্যন্ত মরক্কোর হাসান দ্বিতীয় স্টেডিয়ামে আয়োজন করা হলেও স্পেন বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন লুজান। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বহাল থাকবে এবং স্পেন টুর্নামেন্টে অংশ নেবে। বিতর্কের মধ্যেও যৌথ আয়োজনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্পেনের ফুটবল প্রধান।