
প্রতিনিধি 9 September 2026 , 12:11:27 প্রিন্ট সংস্করণ

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক একদিন উদযাপন করল বাংলাদেশের ক্রিকেট। প্রথমবার একই ম্যাচে দুই বাংলাদেশি ক্রিকেটার একসঙ্গে খেলতে নেমে নিজেদের বল হাতে রূপ দিলেন দুর্দান্ত এক প্রদর্শনীতে। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে প্রথম দিনেই আলো ছড়ালেন পেসার হাসান মাহমুদ ও অভিষিক্ত সৈয়দ খালেদ আহমেদ—দুজন মিলে শিকার করেছেন মোট ৭টি উইকেট।
আগের তিন ম্যাচে ম্যাচের প্রথম ওভারে বোলিং করার সুযোগ না পেলেও, এবার ইনিংসের শুরুতেই বল হাতে পান হাসান মাহমুদ। আর সুযোগটি কাজে লাগাতে বিন্দুমাত্র দেরি করেননি এই ডানহাতি পেসার। ম্যাচের প্রথম দুই বলেই তুলে নেন জোড়া উইকেট!

ইনিংসের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে বাড়তি লাফানো বলে হ্যারি কেইমকে ক্যাচ বানান স্লিপে। পরের বলেই তীক্ষ্ণ ইন-সুইঙ্গারে এলবিডব্লিউর শিকার বানান তিনে নামা ম্যাথু মন্টেগোমারিকে। পরে আরও দুই উইকেট যোগ করে ১৫.৫ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হাসান। কাউন্টিতে নিজের প্রথম চার ম্যাচেই তার উইকেটের ঝুলি বেড়ে দাঁড়াল ২৩টিতে।
অন্যদিকে কাউন্টি ক্রিকেটে অভিষেকেই কেন্টের হয়ে ছাপ রেখেছেন আরেক বাংলাদেশি পেসার সৈয়দ খালেদ আহমেদ। প্রথম পরিবর্তন বোলার হিসেবে আক্রমণে এসে ডার্বিশায়ারের দুই অভিজ্ঞ ব্যাটার মুহাম্মেদ নাইম (১২) ও ১৭ হাজারেরও বেশি প্রথম শ্রেণির রানের মালিক ওয়েন ম্যাডসেনকে (২৯) প্যাভিলিয়নে ফেরান তিনি। পরবর্তীতে দশে নামা জ্যাক মর্লিকে বোল্ড করে নিজের ৩ নম্বর উইকেটটি তুলে নেন খালেদ (৩/৭৩)।
বাংলাদেশি পেসারদের তোপে ১৭২ রানেই ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ডার্বিশায়ার। তবে সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে বিপর্যয় সামাল দেন মার্টিন অ্যান্ডারসন। ১৯০ বলে ১৫টি চারের মারে ১২৯ রানে অপরাজিত থেকে দলকে ৩০০ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তিনি।
দিনশেষে জবাব দিতে নেমে কেন্ট ১ উইকেটে ১১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে।