
প্রতিনিধি 28 September 2026 , 11:22:23 প্রিন্ট সংস্করণ
নরওয়ের বিপক্ষে গতকাল রাতে ইউয়েফা নেশনস লিগে ২-১ ব্যবধানের জিতেছে পর্তুগাল। আর এই ম্যাচেই এক বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পুরো ৯০ মিনিটই বদলি ফুটবলারদের বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেন কোচ হোর্হে জেসুস।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে না নেমে শুরু থেকে শেষ পর্যন্ত বেঞ্চে বসে খেলা দেখতে হলো রোনালদোকে।
এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৮ ইউরোতে, যেখানে সুইজারল্যান্ডের কাছে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছিল পর্তুগাল।
নরওয়ের বিপক্ষে রোনালদোর জায়গায় খেলতে নামা গঞ্জালো রামোসের গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের। ১৭ মিনিটে জোয়াও ফিলিক্সের গোলে এগিয়ে যাওয়ার পর নরওয়ে সমতায় ফিরে আর্লিং হলান্ডের গোলে।
৫১ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ডের গোলের ৩ মিনিট পরই রামোসের নৈপুণ্যে জয়সূচক গোল পায় পর্তুগাল। তবে পর্তুগালের জয়ের আসল নায়ক দলটির গোলকিপার দিয়োগো কস্তা। স্বাগতিকদের নিশ্চিত ৫টি গোল ঠেকিয়ে দিয়েছেন পোর্তোর ২৭ বছর বয়সী এই গোলকিপার।
দুই ম্যাচে দুই জয়ে ইউয়েফা নেশনস লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। ‘এ’ লিগে চার নম্বর গ্রুপে সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে নরওয়ে আর তিন নম্বরে ডেনমার্ক। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানীতে ওয়েলস।
এদিকে ম্যাচ শেষে অসলোর মাঠে আসা সমর্থকদের অভিবাদন জানানোটাও এড়িয়ে গেছেন রোনালদো।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’র খবর অনুযায়ী, শেষ বাঁশি বাজার পরই মাঠ ছেড়ে সোজা টানেল দিয়ে ড্রেসিংরুমে হেঁটে গিয়ে নতুন বিতর্কের জন্ম দেন রোনালদো। উল্লেভাল স্টেডিয়ামের গ্যালারিতে থাকা সফরকারী ৫০০ পর্তুগিজ সমর্থককে যখন দলের বাকি ফুটবলাররা মাঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছিলেন, ঠিক তখন অধিনায়কের এই অনুপস্থিতিটা ছিল বেশ চোখে পড়ার মতো।
ম্যাচ শেষে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোচ জেসুস স্বীকার করেন, তাঁর অধিনায়কের এই মাঝপথে মাঠ ছেড়ে চলে যাওয়াটা তখন তাঁর নজরে পড়েনি। তবে অধিনায়ক হিসেবে দলের প্রতি রোনালদোর কী ভূমিকা ও দায়িত্ব, তা নিয়ে তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলবেন বলে নিশ্চিত করেছেন এই পর্তুগিজ কোচ।
জেসুস অবশ্য স্পষ্ট করে দেন, নরওয়ের বিপক্ষে না খেলার মানে এই নয় যে আল-নাসর মহাতারকা রোনালদোর দলে গুরুত্ব কমে গেছে।
সমর্থকদের দিকে না গিয়ে ড্রেসিংরুমে চলে যাওয়া প্রসঙ্গে জেসুস বলেন, ‘এর জবাব কেবল ওই (রোনালদো) দিতে পারবে। আসল কথা হলো, আজ মাঠে নামেনি বলেই যে তাকে আমি আমার ভাবনায় রাখছি না—তা কিন্তু একদমই নয়। আমি তাকে বলেছিলাম যে তাকে নামাব, কিন্তু ম্যাচের যা ধরণ ছিল, তাতে ক্রিসের (রোনালদো) মতো প্রোফাইলের কোনো স্ট্রাইকারকে নামানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি।’
নেশনস লিগে পর্তুগালের পরের ম্যাচ ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে। একই সময়ে নরওয়ের প্রতিপক্ষ ওয়েলস।