
প্রতিনিধি 27 September 2026 , 11:25:51 প্রিন্ট সংস্করণ
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ফিরল কেন্ট। দ্বিতীয় বিভাগে রানার্সআপ হওয়া দলটির এই সাফল্যে বড় অবদান রেখেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
এবারের চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন হাসান। মৌসুমের শেষ দিকে যোগ দিয়ে খালেদ তিন ম্যাচে শিকার করেছেন ১৬ উইকেট। দুজনের মিলিত ৪২ উইকেট কেন্টকে প্রথম বিভাগে ফেরানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতীয় দলের ব্যস্ত সূচি সামনে রেখে বিসিবির ডাকে দেশে ফেরায় শেষ দুই ম্যাচে খেলতে পারেননি হাসান। তবে শেষ পর্যন্ত ছিলেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে সাত উইকেটের জয়ে তার আট উইকেট কেন্টকে উত্তরণের পথে এগিয়ে দিয়েছিল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্যান্টারবেরিতে গ্লস্টারশায়ারকে আট উইকেটে হারিয়ে মৌসুম শেষ করেছে কেন্ট। তবে এই ম্যাচের ফল আসার আগেই তাদের প্রথম বিভাগে ওঠা নিশ্চিত হয়ে যায়। প্রমোশনের লড়াইয়ে থাকা নর্দাম্পটনশায়ার মিডলসেক্সের কাছে হেরে যাওয়ায় কেন্টের সামনে আর কোনো বাধা ছিল না।
শেষ ম্যাচেও বল হাতে অবদান রেখেছেন খালেদ। প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও দুটি। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট পেয়েছেন তার সতীর্থ ম্যাট মিলনেস।
রান তাড়ায় স্যাম নর্থইস্টের অপরাজিত ৪৯ ও জ্যাক ক্রলির ৪৪ রানে সহজেই জয় পায় কেন্ট। ২ উইকেটে ১২০ রান তুলে ম্যাচ শেষ করে তারা।
দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছে ডারহাম। তাদের সঙ্গে পরের মৌসুমে প্রথম বিভাগে খেলবে কেন্ট।
কেন্টে যোগ দেওয়ার সময় খালেদ বলেছিলেন, ‘মৌসুমের এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দলকে প্রথম বিভাগে তুলতে সহায়তা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’ মৌসুম শেষে সেই লক্ষ্য পূরণের আনন্দ নিয়েই ফিরছেন বাংলাদেশের এই পেসার।