
প্রতিনিধি 27 September 2026 , 5:22:56 প্রিন্ট সংস্করণ
এশিয়ান গেমসের মতো ছোট সংস্করণের টুর্নামেন্টে কোনো দলকেই দুর্বল ভাবার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ করে ব্যবহৃত উইকেট ও প্রতিকূল আবহাওয়া ম্যাচের চিত্র বদলে দিতে পারে বলে সতর্ক বাংলাদেশ।
মালয়েশিয়া সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সালাহ উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি। মালয়েশিয়ার দল ও ক্রিকেট সম্পর্কে আমার ভালোই ধারণা আছে।’
একই উইকেটে একাধিক ম্যাচ হওয়ার বিষয়টিও মাথায় রাখছে বাংলাদেশ। সালাহ উদ্দিন বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসলে আপসেট হতেই পারে। কারণ একই উইকেটে বারবার খেলা হয়। ফলে অনেক সময় টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’
মালয়েশিয়া শেষবার বাংলাদেশকে কঠিন সময় দিয়েছিল। সেবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করেছিল মালয়েশিয়া। মাত্র ১১৬ রান করেও বাংলাদেশ জয় পেয়েছিল ২ রানে। সেজন্য বেশ সতর্ক বাংলাদেশ। বাংলাদেশের কোচের কণ্ঠে সমীহর সুর, ‘প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি।’
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বৃষ্টির শঙ্কা। জাপানে পৌঁছানোর পর থেকেই বৃষ্টির মুখে পড়েছে বাংলাদেশ দল। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সরাসরি সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে এমন সমীকরণের দিকে না তাকিয়ে মাঠে খেলেই জয় পেতে চান সালাহ উদ্দিন,
তার ভাষ্য, ‘পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে একটা মেডেল আমাদের জিততে হবে। ছেলেদের ওই মোটিভেশনটা আছে এবং আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই, আমরা ইনশাল্লাহ ভালো করব।’