
প্রতিনিধি 6 February 2026 , 12:03:12 প্রিন্ট সংস্করণ

মাতাল ব্যবসায়ীদের মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার। গত বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা এলাকায় দুই প্রাইভেটকারের ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।
এই ঘটনায় হাতিরঝিল থানায় হওয়া একটি মামলা হয়। পরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। হামলাকারীরা সবাই ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আহত এডিসি মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। তার শরীরে ১৭টি সেলায় লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাতিরঝিল থানা পুলিশ বলছে, গত বুধবার রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় আনুমানিক সাড়ে ১১টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এডিসিকে মরধরের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ।
তিনি বলেন, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন মাহফুজ্জামান সরকার। এ সময় তার এক বন্ধু সঙ্গে ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশাপাশি চলা আরেকটি গাড়ির সাথে তার গাড়িটির ঘষা লাগে। তখন ওই গাড়ির লোকজন মাহফুজ্জামান সরকারের গাড়ির গতিরোধ করে এবং বাকবিতণ্ডা শুরু হয়। পরে ১০-১২ জন এসে তার ওপর অতর্কিত হামলা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মধ্যপ ছিলেন বলে শুনেছি। এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।