
প্রতিনিধি 3 October 2026 , 4:18:46 প্রিন্ট সংস্করণ
ভারতীয় ফুটবলের ইতিহাসে যোগ হতে যাচ্ছে এক স্বর্ণালী অধ্যায়। শনিবার (৩ অক্টোবর) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার বিখ্যাত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) দুই দলের প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ১-১ এ ড্র করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে টাউনসভিলে ১-১ গোলে ড্র করার পর ব্রিসবেনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ভারতের জন্য ম্যাচটি শুধু ঐতিহাসিকই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগও।
ম্যাচটি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। ম্যাচের আগে গতকাল শুক্রবার কলকাতায় পৌঁছে সল্টলেক স্টেডিয়াম অনুশীলন করেছে ব্রাজিল দল। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একসঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি ও ভারতের কোচ খালিদ জামিল।
ঐতিহাসিক এই লড়াইয়ে ব্রাজিলের একাদশে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসদের মতো বিশ্বতারকারা মাঠে নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের হয়ে মাঠে নামতে পারেন রায়ান উইলিয়ামস, গুরপ্রীত সিং সান্ধু, সাহাল আবদুল সামাদ, আনোয়ার আলী ও বিজয় ভার্গিজের মতো খেলোয়াড়রা।
ভারত ও ব্রাজিলের ম্যাচটি টিভির পর্দা কিংবা অনলাইনে যেকোনো প্রান্তে বসে সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা। টেলিভিশনে সনি স্পোর্টস নেটওয়ার্কের সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ এবং সনি আথ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। এ ছাড়া ইন্টারনেট ব্যবহারকারীরা সনিলাইভ (SonyLIV) অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।