• শিরোনাম

    ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক

      প্রতিনিধি 1 October 2026 , 3:59:47 প্রিন্ট সংস্করণ

    ভোলার প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী আমিনুল হক
    ভোলার প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট করার পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী আমিনুল হক

    ভোলার প্রতিটি গ্রামে গবাদিপশু ও হাঁস-মুরগির বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে দেওয়া ঋণের পরিমাণও প্রয়োজন অনুযায়ী বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

    আজ বৃহস্পতিবার সকালে ভোলার ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘ইলিশা বায়োগ্যাস পল্লী’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির উৎস হিসেবে বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধু ভোলা নয়, সারা দেশে যেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সুযোগ রয়েছে, সেখানে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি বলেন, একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে বড় ধরনের অবকাঠামোর প্রয়োজন নেই। প্রায় তিনটি গরুর বর্জ্য দিয়েও একটি বায়োগ্যাস প্ল্যান্ট করা সম্ভব। ফলে যেসব পরিবার গবাদিপশু কিংবা হাঁস-মুরগি পালন করে, তারা সহজেই এ প্রযুক্তি ব্যবহার করে নিজেদের জ্বালানির চাহিদা মেটাতে পারে।

    বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের ঋণ সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। ঋণের সুদের হার প্রথম পর্যায়ে ৫ শতাংশ এবং পর্যায়ক্রমে তা কমে আড়াই শতাংশে নেমে আসে। প্রয়োজন হলে এই ঋণের পরিমাণ আরও বাড়ানো যায় কি না, তা যাচাই-বাছাই করে পরিকল্পনা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা নিতে পারেন।

    ইলিশা বায়োগ্যাস পল্লীর উদাহরণ তুলে ধরে আমিনুল হক বলেন, এখানে আটটি গরুর গোবর ব্যবহার করে প্রায় ২০০ ঘনফুট ক্ষমতার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তা নিজে ব্যবহারের পাশাপাশি আশপাশের মানুষকেও এর সুবিধা দিচ্ছেন। এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের খরচ কমানোর পাশাপাশি উদ্যোক্তার আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

    তিনি বলেন, বায়োগ্যাসের ব্যবহার শুধু জ্বালানি সাশ্রয়ের জন্য নয়, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গবাদিপশু ও হাঁস-মুরগির বর্জ্য কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদনের মাধ্যমে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

    প্রতিমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি গ্রাম ও প্রতিটি পরিবারে, যেখানে গবাদিপশু কিংবা হাঁস-মুরগি পালন করা হয়, সেখানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে। এ কার্যক্রমকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

    তিনি আরও বলেন, সারা দেশে ইতিমধ্যে যেসব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, সেগুলোর সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচার-প্রচারণা বাড়ানো হবে। এতে মানুষ বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের উদ্যোগে এ ধরনের প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত হবেন।

    আমিনুল হক বলেন, বায়োগ্যাসের পাশাপাশি সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব জ্বালানির এসব উদ্যোগকে আগামী পাঁচ বছরে সারা দেশের গ্রাম ও পরিবার পর্যায়ে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে সরকারের।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 3:59 PM ‘প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট ছড়িয়ে দিতে চাই’: প্রতিমন্ত্রী আমিনুল হক • 3:16 PM ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো • 1:51 PM সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি • 1:01 PM ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর • 11:56 AM বলিভিয়াকে ৪ গোলে উড়িয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু • 11:37 AM বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান • 11:32 AM ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান • 6:54 PM জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক • 6:46 PM পার্বত্য অঞ্চলে ক্রিকেটের সুপ্ত প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ • 3:03 PM রোনালদোকে নিয়ে পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি