
প্রতিনিধি 30 September 2026 , 12:06:45 প্রিন্ট সংস্করণ
পরপর ছয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এর পাঁচটিতে হয়নি টসও। এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে রোদের দেখা পাওয়াই হয়ে গেছে দুষ্কর। বুধবার অবশেষে সূর্যের হাসি দেখতে পেয়েছে বাংলাদেশ দল। এবার তাদের আশা, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলার।
জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সবশেষ ছয় ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। এর মধ্যে চারটি ছিল কোয়ার্টার-ফাইনালের ম্যাচ। টানা বৃষ্টির কারণে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে খেলার জন্য মাঠেও যেতে হয়নি বাংলাদেশের।
শেষ আটের কোনো ম্যাচই না হওয়ায় আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সৌজন্যে সেমি-ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তন।
এশিয়ান গেমস খেলতে গিয়ে প্রথম ৪-৫ দিন একদমই রোদের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেই অপেক্ষার প্রহর পেরিয়ে বুধবার প্রথমবারের মতো নিশিনের করোগি স্পোর্টস পার্কে অনুশীলন করতে পেরেছে লিটন কুমার দাসের দল।
অনুশীলনের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তাই রোদের দেখা পাওয়ার আনন্দের কথাই বলেন দলের মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি।
“আলহামদুলিল্লাহ! জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে ভালোভাবে একটু মাঠে নামতে পেরেছি। ইনশাআল্লাহ কালকেও (আবহাওয়ার পূর্বাভাসে) রোদ আছে মাঠে। ইনশাআল্লাহ আমরা একটা ভালো আবহাওয়া পাব খেলার জন্য।”

নিশিনের এই মাঠে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম সেমি-ফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। আবহাওয়া ঠিকঠাক থাকলে এই ম্যাচ দিয়েই চলতি এশিয়ান গেমসে প্রথম খেলার সুযোগ পাবেন লিটন, ইয়াসির, মুস্তাফিজুর রহমানরা।
টানা বৃষ্টির কারণে ঠিকঠাক অনুশীলনের সুযোগ না পেলেও, যেকোনো সময় ম্যাচ খেলতে নিজেদের প্রস্তুত রাখার কথাই বলেন ইয়াসির।
“অনুশীলন হয়নি তবে আমরা সবসময় মানসিকভাবে প্রস্তুত রাখি নিজেকে। যতটা নিজেকে মাঠে রাখা যায়… যেমন একটা জিম সেশন ছিল আমাদের। আমরা করতে পারিনি তবে মাঠে এসেছিলাম। ফুটবল মাঠে প্র্যাকটিস করেছি, ফুটবল খেলেছি। তো আমরা যতটুক পেরেছি, নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করেছি।”
এশিয়ান গেমসের জন্য নিজেদের পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে ভারত। সে তুলনায় পাকিস্তান দলে নেই নিয়মিত তারকাদের অনেকে। তাই বলে তাদেরকে নড়বড়ে বা তুলনামূলক কম শক্তিশালী মানতে নারাজ ইয়াসির।
মিডল-অর্ডার এই ব্যাটারের মতে, প্রক্রিয়া ঠিক রেখেই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের।
“আমার মনে হয়, প্রত্যেকটা দলের সঙ্গে আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখা উচিত ও ইতিবাচক খেলা উচিত। এই দুইটা জিনিস প্রত্যেকটা দলের ক্ষেত্রেই কমন। বাকিটা উইকেট দেখে, আবহাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করে। তখন খেলা যাবে ইনশাআল্লাহ।”