• খেলা

    ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক

      প্রতিনিধি 28 September 2026 , 12:14:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    ৩৯ বছর বয়সে এসে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ যাত্রার প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়েও লিওনেল মেসি যেন সময় আর যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন। নিয়মিত গোল করে চলেছেন এবং প্রতি ম্যাচেই প্রমাণ দিচ্ছেন-কেন তিনি এখনও এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার।

    মেসি যে বিশ্বকে অবাক করে দেওয়ার নিত্যনতুন পথ খুঁজে নেন। প্রতি ম্যাচেই তিনি উপহার দেন জাদুকরী কোনো মুহূর্ত, ভাঙেন একের পর এক রেকর্ড, কিংবা করেন অসম্ভব সুন্দর কোনো গোল। বয়স যেন তাঁর কাছে স্রেফ একটি সংখ্যা; এখনও মাঠে তিনি সেভাবেই খেলে যাচ্ছেন, যেন বিশের কোঠার সেই চটপটে তরুণটি!

    ‘স্কালোনেতা’ (আর্জেন্টিনা) শিবিরে যোগ দিতে দেশে ফেরার আগে, ইন্টার মিয়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে নিজের শেষ অফিসিয়াল ম্যাচেও তিনি উপহার দিলেন তেমনই আরেকটি ফুটবলীয় মাস্টারপিস।

    এবার গোলটি এলো তাঁর অন্যতম প্রাণঘাতী অস্ত্র থেকে-বাঁ পায়ের এক জাদুকরী ফ্রি-কিকে। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া তাঁর শটটি বাঁক খেয়ে দূরের পোস্টে গিয়ে জড়াল, যা ঠেকানো গোলকিপার প্যাট্রিক শুলটের পক্ষে একেবারেই অসম্ভব ছিল।

    ফ্রি-কিকের পজিশনটি ছিল একদম এনডলাইনের কাছাকাছি। দূর থেকে দেখে মনে হচ্ছিল পজিশনটি হেডে গোলের উদ্দেশ্যে বক্সে ক্রস বাড়ানোর জন্যই তৈরি। কিন্তু মেসির মাথায় তো চলছিল অন্য ভাবনা!

    বাঁ পায়ের শটে নিখুঁত পরিমাপ ও নিখাদ দক্ষতায় বলটিকে হাওয়ায় বাঁক খাইয়ে হিউম্যান ওয়ালের ওপর দিয়ে দূরের কোণায় জালে জড়িয়ে দিলেন আর্জেন্টাইন জাদুকর। গোলরক্ষক প্যাট্রিক শুলটের নাগালের পুরোপুরি বাইরে ছিল সেই শট।

    এই গোলের মাধ্যমে মেসির ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে আসা গোলের সংখ্যা দাঁড়াল ৭৬টিতে। এতে করে সর্বকালের সর্বাধিক ৭৭টি ফ্রি-কিক গোলের রেকর্ড গড়া ব্রাজিলিয়ান মার্সেলিনো ক্যারিওকার রেকর্ড ভাঙার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন রেকর্ড ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

    অসাধারণ সব কীর্তিকে যিনি অনায়াস অভ্যাসে পরিণত করেছেন, সেই মেসির কাছে এই রেকর্ডটি নিজের নামে করে নেওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।

    ফ্রি-কিকে মেসির সাম্প্রতিক ফর্মই তাঁর ক্ষুরধার প্রতিভার আরেকটি বড় প্রমাণ। সান দিয়েগোর বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে গোল, মন্ট্রিয়লের বিপক্ষে ৭-১ ব্যবধানের বড় জয়ে ডেড-বল থেকে জোড়া গোল করা ছাড়াও আর্জেন্টিনার হয়ে জর্ডান এবং ইন্টার মিয়ামির হয়ে নিউইয়র্ক সিটি ও অরল্যান্ডো সিটির বিপক্ষেও ফ্রি-কিকে জাল খুঁজে নিয়েছেন তিনি।

    এটি লিওনেল মেসির পেশাদার ক্যারিয়ারের চোখধাঁধানো ৯৩১ গোলের বিশাল খাতায় যুক্ত হওয়া শুধুই আরেকটি সোনালী পাতা।

    এই গোলটি আর্জেন্টাইন মহাতারকার জন্য এসেছে এক বিশেষ আবেগঘন মুহূর্তে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে খুব শীঘ্রই বিদায় নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর, বেনিনের বিপক্ষে আসন্ন ম্যাচটি আলবিসেলেস্তে জার্সিতে তাঁর শেষ অধ্যায়গুলোর একটি হতে যাচ্ছে।

    সেই বিদায়ক্ষণ যখনই আসুক না কেন, তা কেবল আর্জেন্টিনার সমর্থকদেরই নয়, নাড়িয়ে দেবে পুরো ফুটবল বিশ্বকেই।

    সর্বশেষ সংবাদ
    • 12:14 PM ‘অসম্ভব’ কোণ থেকে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক • 11:45 AM ৬ ফ্র‍্যাঞ্চাইজি, ৩ ফরম্যাট- নতুন রূপে ঘরোয়া ক্রিকেট • 11:22 AM পর্তুগালের জয়ের রাতে ১৮ বছর পর তিক্ত অভিজ্ঞতা রোনালদোর • 5:41 PM এশিয়ান গেমসে ১১ বছরের কুরিহারার স্বর্ণজয় • 5:22 PM মালয়েশিয়াকে নিয়ে সতর্ক বাংলাদেশ • 3:24 PM যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাস • 11:55 AM ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে : স্পিকার • 11:43 AM জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী • 11:25 AM হাসান-খালেদের অবদানে প্রথম বিভাগে ফিরল কেন্ট • 11:19 AM ৫ গোলের রোমাঞ্চে আবারও স্পেনের ইংলিশ বধ, কেইনের দুঃস্বপ্ন