
প্রতিনিধি 22 September 2026 , 5:14:23 প্রিন্ট সংস্করণ
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে পরিচিত ফাইক বলকিয়াহ ২৮ বছর বয়সে এসে এখন ক্লাবহীন। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে বর্তমানে ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন এই ব্রুনাই ফরোয়ার্ড। এখন যেকোনো ক্লাবের সঙ্গেই চুক্তি করার স্বাধীনতা রয়েছে তাঁর।
ফাইকের নতুন ক্লাব না থাকার বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে বাড়তি আলোচনা তৈরি হওয়ার মূল কারণ তাঁর রূপকথাতুল্য ধন-সম্পদ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র হিসাব অনুযায়ী, বলকিয়াহর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১ হাজার ৮৬৯ কোটি ইউরো বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৬১ হাজার ৭৭২ কোটি টাকা।
তবে এই বিপুল বিত্তবৈভব ফুটবল খেলে অর্জন করেননি ফাইক বলকিয়াহ। ফাইক হলেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ভাতিজা এবং রাজকুমার জেফ্রি বলকিয়াহর ছেলে। ব্রুনাইয়ের রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি।
১৯৯৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া ফাইকের শৈশব-কৈশোর কেটেছে ব্রুনাই ও ইংল্যান্ডে। পরবর্তীতে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠের খেলায় নামেন তিনি। পেশাদার জগতে আসার আগে তিনি বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন এএফসি নিউবারি, সাউদাম্পটন, চেলসি এবং লেস্টার সিটির একাডেমি দলগুলোয়।
তবে আর্থিক প্রাচুর্যের তুলনায় পেশাদার ফুটবলে তাঁর পথচলাটা ছিল অত্যন্ত সাদামাটা। মূল ফুটবল ক্যারিয়ারে তিনি খেলেছেন পর্তুগালের মারিতিমো এবং থাইল্যান্ডের ক্লাব চনবুড়ি ও রাতচাবুরির হয়ে।
ক্লাব ক্যারিয়ার যেমনই হোক, ব্রুনাই জাতীয় দলের তিনি অন্যতম প্রধান তারকা ও ভরসা। দেশের হয়ে এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড এবং বর্তমানে ব্রুনাই জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।