
প্রতিনিধি 21 September 2026 , 5:13:57 প্রিন্ট সংস্করণ
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচে গ্যালারিতে থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল ডি মারিয়া। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর মোনুমেন্তালে হতে যাওয়া বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার কথা নিজেই নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার।
রোসারিও সেন্ট্রালের হয়ে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে ম্যাচ শেষে ডি মারিয়া জানান, আগের দিন বানফিল্ডের বিপক্ষে খেলা থাকলেও মেসির বিদায় দেখতে বুয়েনস আইরেসে থেকে যাবেন।
ডি মারিয়া বলেন, ‘মাঠে তো যেতেই হবে, তাই না? আমাদের ৫ তারিখ বানফিল্ডের সঙ্গে ম্যাচ আছে। তাই সম্ভবত সেখানেই থেকে যাব।’
দীর্ঘদিনের সতীর্থের বিদায় নিয়ে আবেগও লুকাননি তিনি।
‘এত বছর পর, আর্জেন্টিনা, আর্জেন্টাইন মানুষ এবং পুরো বিশ্বকে সে যা দিয়েছে, তার পর লিওকে ছাড়া একটি জাতীয় দল কল্পনা করা কঠিন হবে। আমরা সেই শেষ দিনটা উপভোগ করব,’ বলেন ডি মারিয়া।
৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ উপস্থিতি হতে যাচ্ছে। তিন ম্যাচের এই আন্তর্জাতিক উইন্ডোয় তিনি শুধু ওই ম্যাচেই খেলবেন। তার সঙ্গে রদ্রিগো দি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোর মতো দীর্ঘদিনের সতীর্থরাও থাকবেন।
এএফএ জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ ম্যাচটি দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন।
ডি মারিয়া নিজে ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। এবার গ্যালারি থেকে দেখবেন দীর্ঘদিনের সতীর্থ মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা।