...
  • খেলা

    আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল

      প্রতিনিধি 25 July 2026 , 6:51:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঠে জেতা সেনেগালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা পরে কেড়ে নিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সেই শিরোপা ফিরে পেতে এবার ক্রীড়ার সর্বোচ্চ আদালতে লড়বে সেনেগাল। আগামী ৮ অক্টোবর তাদের আপিলের শুনানি হবে।

    কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) জানিয়েছে, সুইজারল্যান্ডের লুসানে সংস্থাটির সদর দপ্তরে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হবে। তবে শুনানির দিনই রায় দেওয়া হবে না। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারকেরা আলোচনা শুরু করবেন এবং পরবর্তী কোনো সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

    বিতর্কের শুরু গত ১৮ জানুয়ারি মরক্কোর রাবাতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে। নির্ধারিত সময়ের শেষ দিকে ভিডিও সহকারী রেফারির সহায়তায় স্বাগতিক মরক্কোকে একটি পেনাল্টি দেওয়া হয়। সিদ্ধান্তটির প্রতিবাদে সেনেগালের কোচ পাপে বুনা থিয়াউ খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নিয়েছিলেন।

    দলের বাকিরা মাঠ ছাড়লেও সাদিও মানে বাইরে যাননি। তার অনুরোধে প্রায় ১৪ মিনিট পর আবার মাঠে ফেরেন সেনেগালের খেলোয়াড়েরা। দীর্ঘ বিরতির পর মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি নিতে গিয়ে পানেনকা শট খেলেন। সেটি সহজেই ঠেকিয়ে দেন সেনেগালের গোলকিপার এদুয়ার্দ মেন্দি।

    ম্যাচ এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ৯৪তম মিনিটে পাপে গেয়ের গোলে এগিয়ে যায় সেনেগাল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে নিজেদের দ্বিতীয় আফ্রিকান শিরোপা উদ্‌যাপন করে তারা।

    বিজ্ঞাপন

    ফাইনালের পর সেনেগাল ও মরক্কো দুই দলের বিরুদ্ধেই বিভিন্ন শাস্তি দিয়েছিল সিএএফের শৃঙ্খলা কমিটি। সেনেগালের কোচ থিয়াউকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়। ইলিমান এনদিয়াই ও ইসমাইলা সারকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করা হয়। সমর্থক, খেলোয়াড় ও কোচিং দলের আচরণের জন্য সেনেগাল ফুটবল ফেডারেশনকেও বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল।

    তবে শৃঙ্খলা কমিটি প্রথমে মরক্কোর সেই আবেদন প্রত্যাখ্যান করেছিল, যেখানে সেনেগালকে ম্যাচ ছেড়ে দেওয়ার দায়ে পরাজিত ঘোষণা করার দাবি জানানো হয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে মরক্কোর ফুটবল ফেডারেশন।

    গত ১৭ মার্চ সিএএফের আপিল বোর্ড মরক্কোর আবেদন গ্রহণ করে আগের সিদ্ধান্ত পাল্টে দেয়। তাদের মতে, অনুমতি ছাড়া মাঠ ছাড়ায় প্রতিযোগিতার ৮২ ও ৮৪ নম্বর ধারা ভঙ্গ করেছে সেনেগাল। ফলে ফাইনালটিতে সেনেগালকে পরাজিত ঘোষণা করে মরক্কোর পক্ষে ৩-০ ফল নথিভুক্ত করা হয়। একই সঙ্গে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয়।

    সেনেগাল ফুটবল ফেডারেশন সিদ্ধান্তটি বাতিল করে তাদের আবারও আফ্রিকান চ্যাম্পিয়ন ঘোষণার দাবি জানিয়েছে। গত ২৫ মার্চ তারা সিএএসে আনুষ্ঠানিকভাবে আপিল করে। সেনেগাল সরকারও সিএএফের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আফ্রিকান ফুটবলে সম্ভাব্য দুর্নীতির বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে।

    এখন ক্রীড়া আদালত সেনেগালের পক্ষে রায় দিলে মাঠে জেতা শিরোপাটি আবারও তাদের ঘরে ফিরবে। আর সিএএফের সিদ্ধান্ত বহাল থাকলে মরক্কোই থাকবে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন। বিতর্কিত সেই ফাইনালের শেষ বাঁশি বেজেছিল জানুয়ারিতে, তবে শিরোপার প্রকৃত মালিক নির্ধারণের লড়াই শেষ হচ্ছে না অক্টোবরের আগে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান 12:05 PM আসিয়ান কাপের জন্য দল ঘোষণা বাফুফের 5:45 PM ‘বাংলাদেশে ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করবে না সরকার’ 5:17 PM ম্যারাডোনার মৃত্যুর মামলায় বাবার মেডিকেল রিপোর্ট 11:49 AM টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল বাশার 4:00 PM ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি হলো ৪৯ মিলিয়নে 2:04 PM নতুন চেহারায় হলান্ড, গোলহীন অভিষেক 12:07 PM প্রথমবার এসিসির সভাতে তামিম ইকবাল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.