
প্রতিনিধি 19 August 2026 , 1:39:20 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলামের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকালে মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন ৩৬ বছর বয়সী শফিউল।
ফেসবুক বার্তায় সাবেক এই ডানহাতি পেসার লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮:৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
মরহুমার জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন শফিউল। একই বছর বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় এই পেসারের। বাংলাদেশের জার্সিতে ১১ টেস্ট, ৬০ ওয়ানডে, ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শফিউল। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ১০৭টি।
শফিউলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় থাকা বাংলাদেশকে মাহমুদউল্লাহর সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে জয় এনে দিয়েছিলেন তিনি। ২৪ বলে অপরাজিত ২৪ রান করেছিলেন শফিউল, বাংলাদেশ জিতেছিল ২ উইকেটে।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও সবশেষ ২০২০ সালে বাংলাদেশের জার্সিতে খেলেছেন শফিউল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছরের ৫ জানুয়ারি সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল।