
প্রতিনিধি 13 June 2026 , 5:03:23 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়া ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এই ঘটনায় নাঈম ও তার পরিবারের পাশে থাকার পাশাপাশি বিসিবির পক্ষ থেকে সব ধরনের আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তামিম ইকবাল এই প্রতিক্রিয়া জানান। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ফেসবুক পোস্টটি চ্যানেল 24 অনলাইন পাঠকদের জন্য নিচে হুবহু দেয়া হলো-

‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।
বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) খেলা শেষ করে শুক্রবার রাতে তিনি বিমানে করে চট্টগ্রামে পৌঁছান। ফ্লাইট বিলম্বের কারণে রাত ১০টা ২০ মিনিটে বিমানবন্দরে নামার পর তিনি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নেমে লালখান বাজার এলাকায় পৌঁছালে খুলশী থানার পুলিশের একটি দল গাড়িটির গতি রোধ করে নাঈমকে আটক করে।
পরে তাকে খুলশী থানায় নিয়ে ওসির সামনেই মারধর ও শারীরিক লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আজ সকালে খুলশী থানার এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।