
প্রতিনিধি 30 January 2026 , 5:44:39 প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর-হাতিয়া উপজেলায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, মারামারির খবর শুনেছি। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ফেরির ক্রেডিট নেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে এলাকা থেকে বের করে দেয়ার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এতে অনেকেই আহত হয়েছেন।

এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ফেরী উদ্বোধনের সময় নলচিরা ঘাটে এনসিপি নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। বারবার এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার। আগামী ২ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমি নিজেই হাতিয়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।