
প্রতিনিধি 18 October 2026 , 6:38:48 প্রিন্ট সংস্করণ
শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
আজ পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এ কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ভারত, নেপাল ও মালদ্বীপ।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ‘ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।’
খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া।’
সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে।