
প্রতিনিধি 17 October 2026 , 1:58:56 প্রিন্ট সংস্করণ
ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া ‘জিএফএস প্রাইড’ নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে ছড়িয়ে পড়েছে আইফোন, ফরাসি সুগন্ধি ও বিভিন্ন পণ্য। এসব সংগ্রহ করতে শত শত মানুষ ছোট নৌকা নিয়ে সাগরে নেমেছেন। খবর দ্য টেলিগ্রাফের।
গত ১৪ অক্টোবর অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণের পর জাহাজটি ডুবে যায়। সিঙ্গাপুর জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগার পর ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। তবে ইরানের আইআরজিসি নৌবাহিনীর দাবি, সমুদ্রের মাইনে আঘাত লেগে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আধা ডুবে থাকা কনটেইনারের আশপাশ থেকে লোকজন বাক্স ও বিভিন্ন পণ্য তুলে নিচ্ছেন। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে। এ অবস্থায় ভাসমান কনটেইনারের আশপাশে সতর্কভাবে চলাচল করতে জেলেদের আহ্বান জানিয়েছে ইরানি নৌবাহিনী।
সূত্র : দ্য টেলিগ্রাফ