
প্রতিনিধি 26 April 2026 , 6:20:13 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। আগামী তিন মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। সুজন জানান, সরাসরি বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তার নেই। তবে ক্রিকেটের মাঠের লড়াইয়ে নিজেকে যুক্ত রাখতে চান তিনি।

সুজন বলেন, আমি নির্বাচনে না গেলেও পেশাদার কোচ হিসেবে বিসিবির সঙ্গে কাজ করতে আগ্রহী। ক্রিকেট বোর্ড যদি দেশের ক্রিকেটের মানোন্নয়নে আমাকে কোনো সুযোগ দেয়, তবে কোচিং বা টেকনিক্যাল কোনো ভূমিকায় কাজ করার বিষয়টি বিবেচনা করব।
সম্প্রতি বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে সুজনের দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়নের কৌশল গুরুত্ব পেয়েছে।
তামিমের বিভিন্ন নতুন পরিকল্পনা ও কৌশলের প্রশংসা করার পাশাপাশি নিজের মতামতও তুলে ধরেন সুজন। একইসঙ্গে তিনি তামিমকে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার নেই।