
প্রতিনিধি 17 April 2026 , 3:53:59 প্রিন্ট সংস্করণ

ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।”
শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের স্ব-উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব। আমি আশাবাদী মানুষ। এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না। তরুণদের একটি বিরাট অংশ স্ব-উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে। তা অবশ্যই ইতিবাচক। তরুণদের জন্য কাজ করছে জেসিআই, যা প্রশংসনীয়।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনও প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্যঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশ সক্ষম হওয়ায় আশাবাদও প্রকাশ করেন বিএনপি মহাসচিব।