• খেলা

    সেমিতে ওঠার মিশনে সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা

      প্রতিনিধি 11 July 2026 , 7:10:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় বিশ্বকাপের মেগা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অথচ কালকের সকালটি হতে পারত অন্যরকম। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের ৭৮তম মিনিটেও মনে হচ্ছিল, হয়তো কানসাস সিটির সবুজ গালিচায় পা পড়বে না লিওনেল মেসির। বিধাতার কৃপায় ফারাওদের বিপক্ষে ম্যাচটি জিতে সোনালী ট্রফির রাস্তা আরও সমৃদ্ধ করে আলবিসেলেস্তেরা।

    শেষ ১৬-র ম্যাচে মোহাম্মদ সালাহদের বিপক্ষে এক অবিশ্বাস্য রূপকথা লিখে কোয়ার্টার ফাইনালে পা রাখে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ আটে আকাশী-নীলরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ডকে; যারা কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকার নিজেদের পক্ষে নিয়েই এখানে পৌঁছেছে।

    পুরো ফুটবল দুনিয়ার কাছে এখন সবচেয়ে বড় ধাঁধা, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের ম্যাচ জয়ে রাঙিয়ে ফাইনালে মেসির হাতে আবারও ট্রফি দেখার মিশন কি সচল থাকবে, নাকি দারুণ সুশৃঙ্খল সুইসরা আর্জেন্টিনার রথ থামিয়ে দেবে? এর জন্য অবশ্য অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই।

    শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মূল কাণ্ডারি মেসি। ৩৯ বছর বয়সী এই জাদুকর আলজেরিয়া (৩-০) ও অস্ট্রিয়ার (২-০) বিপক্ষে দলের প্রথম পাঁচটি গোলই করেন। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চ থেকে নেমে গোল করে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন। এরপর শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা। আর শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে তো চিত্রনাট্য আরও নাটকীয়। শেষ ১০ মিনিট বাকি থাকতেও ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর মাত্র ১৩ মিনিটের ঝড়ে ৩-২ ব্যবধানের এক ঐতিহাসিক ‘রেমন্তাদা’ বা প্রত্যাবর্তন উপহার দেয় তারা, যেখানে মেসি নিজে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন।

    বিজ্ঞাপন

    অবশ্য মাঠের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয় আর্জেন্টিনার। চার বছর আগে কাতার বিশ্বকাপে স্কালোনি বেঞ্চ থেকে এনজো, ম্যাক অ্যালিস্টার বা হুলিয়ান আলভারেজদের এনে টুর্নামেন্টের মাঝে দল বদলে দিয়েছিলেন। এবার স্কালোনি সেই পরিবর্তনটা করতে পারছেন না, যার ফলে আর্জেন্টিনাকে কিছুটা ক্লান্ত ও মন্থর দেখাচ্ছে। তবে এই দলের সবচেয়ে বড় শক্তি— আত্মবিশ্বাস। ২০২৪ সালে কোপা আমেরিকা জেতা এই দলটি সহজে হার মানতে জানে না। লাউতারো মার্তিনেজ মিশর ম্যাচে এনজোকে দিয়ে গোল করিয়ে আজ শুরুর একাদশে থাকার জোর দাবিদার। যা আলভারেজের অফ-ফর্মের কারণে আরও জোরালো হচ্ছে।

    সুইজারল্যান্ডের পথচলা খুব একটা চোখধাঁধানো না হলেও বেশ কার্যকর। কাতারের বিপক্ষে ২৬টি শট নিয়েও ১-১ ড্র দিয়ে আসর শুরু করে তারা। এরপর বসনিয়াকে ৪-১ ও সহ-আয়োজক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সুইসরা। শেষ বত্রিশে আলজেরিয়াকে ২-০ গোলে হারানোর পর শেষ ১৬-তে কলম্বিয়ার মুখোমুখি হয় মুরাত ইয়াকিনের দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ইন্টার মিলান ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি শট মিস করলেও ৪-৩ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

    এই টুর্নামেন্টে তারা মাত্র ৩টি গোল হজম করেছে। তবে আক্রমণভাগে টিকে থাকা দলগুলোর মধ্যে সুইজারল্যান্ডই সবচেয়ে কম বিপজ্জনক। ফলে আর্জেন্টিনাকে হারাতে হলে কলম্বিয়া ম্যাচের ফর্মুলাই বেছে নিতে হবে তাদের; ৯০ ও ১২০ মিনিট রক্ষণ সামলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া।

    দুই দলের শক্তির জায়গা হিসেবে দুটি নাম আসে- মেসি ও জাকা। আর্জেন্টিনার ক্ষেত্রে আটবারের ব্যালন ডি’অর জয়ী, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নাম ছাড়া অন্য কিছু ভাবা অবান্তর। অন্যদিকে সুইজারল্যান্ডের প্রাণভোমরা তাদের অধিনায়ক গ্রানিত জাকা ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা ও নিখুঁত পাসের মাধ্যমে মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে বেশ আলোচনায়। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বকাপে ষষ্ঠ সর্বোচ্চ দূরত্ব দৌড়েছেন এই সুইস অধিনায়ক।

    দুই দলের শেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে। সেবার আনহেল দি মারিয়ার ১১৮ মিনিটের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও মাঠে ছিলেন আজকের দুই অধিনায়ক মেসি ও জাকা। সেবারও রক্ষণাত্মক কৌশলে আর্জেন্টিনাকে বোতলবন্দি করে ফেলেছিল সুইসরা। কিন্তু অতিরিক্ত সময়ে মাঝমাঠ থেকে মেসির একক প্রচেষ্টায় বাড়ানো পাসে দি মারিয়া গোল করে ম্যাচ জেতান। সুইজারল্যান্ড এবার নিশ্চিতভাবেই সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাইবে না। তবে মেসি যদি নিজের চেনা ছন্দে থাকেন, তবে যেকোনো রক্ষণাত্মক দেওয়ালই ভেঙে পড়তে পারে।

    সম্ভাব্য একাদশ

    আর্জেন্টিনা:

    এমি মার্তিনেজ; মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো; দে পল, পারেদেস, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; মেসি ও লাউতারো মার্তিনেজ।

    সুইজারল্যান্ড:

    কোবেল; জাকারিয়া, এলভেদি, আকাঞ্জি, রদ্রিগেজ; ইয়াশারি, গ্রানিত জাকা, ফ্রেউলার; এনদয়ে, এম্বোলো ও ভার্গাস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:10 PM সেমিতে ওঠার মিশনে সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা 6:44 PM মাঠে কেন ‘হাঁটেন’ মেসি যা জানা গেল 5:44 PM হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান 1:44 PM পরীমণির দীর্ঘ স্ট্যাটাস, দিলেন বিস্ফোরক তথ্য 1:35 PM টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন 12:59 PM রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বললেন নতুন কোচ 12:06 PM চ্যাম্পিয়ন নিয়ে কোর্তোয়ার মন্তব্যে রোমেরোর জবাব 11:55 AM বেলজিয়ামকে কাঁদিয়ে সেমিতে স্পেন 6:17 PM ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নির্বাচন জেতানোর চুক্তি ছিল 6:04 PM কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে