
প্রতিনিধি 9 June 2026 , 3:52:15 প্রিন্ট সংস্করণ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই কি পর্তুগাল ভালো খেলে? ২০২৬ বিশ্বকাপের আগে আরও একবার প্রশ্ন উঠেছে সময়ের অন্যতম সেরা এই তারকাকে নিয়ে। ৪১ বছর বয়সে রোনালদো যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে। তবে সাবেকরা মনে করছেন, এ সুপারস্টারকে ছাড়াই বড় কিছু করা সম্ভব পর্তুগালের।
বয়সকে তিনি সংখ্যার ফ্রেমে বাঁধতে নারাজ। ইউরোপিয়ান ফুটবল থেকে সরে খেলছেন সৌদি আরবে। সেখানেও তার ডান পায়ের জাদুতে ভাঙে রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও ক্রিশ্চিয়ানো রোনালদোকে সঙ্গ দিচ্ছে আরও আগে থেকে। তবু ২০২৬ বিশ্বকাপের আগে প্রশ্ন উঠেছে, পর্তুগাল কি রোনালদোকে ছাড়াই ভালো খেলে?
প্রশ্নটা উঠতে পারে পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে। সবশেষ ১০০ ম্যাচে রোনালদোকে ছাড়াই বেশি গোল করেছে ইউরোপের ব্রাজিল খ্যাত দেশটি। রোনালদো থাকলে ম্যাচপ্রতি ২ দশমিক ২ গোল করেছে পর্তুগাল। রোনালদোকে ছাড়া সংখ্যাটা ২ দশমিক ৮।

অবশ্য রোনালদোকে ছাড়া ৫৭ শতাংশ ম্যাচ জিতেছে তারা। রোনালদো থাকলে শতাংশ বেড়ে হয় ৬২। যদিও এখানেও আছে পরিসংখ্যানের জটিলতা। ২০২২ বিশ্বকাপ থেকে রোনালদোকে ছাড়া ৬৬ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে পর্তুগাল।
রোনালদো অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক ফুটবল খেলছেন, এমনই অভিযোগ করেছেন ১৯৬৬ বিশ্বকাপে অংশ নেয়া পর্তুগিজ তারকা অ্যান্তোনিও সিমোয়েস। দলের জয়ের চেয়ে মাঠের মূল তারকা হওয়ার প্রতিই সিআরসেভেনের আগ্রহ বেশি এমনটাই মনে করেন কিংবদন্তি এ ফুটবলার।
যদিও রোনালদোর দুই সতীর্থ আবেল জ্যাভিয়ার এবং রিকার্ডোর মন্তব্য- বয়সের কারণে শারীরিক সক্ষমতা কমে এলেও পর্তুগালের এখনো রোনালদোকে প্রয়োজন। মাঠের কৌশল এবং প্রতিপক্ষের ওপর মানসিক চাপ ফেলতে রোনালদোকে প্রয়োজন বলেই বিশ্বাস তাদের।
গত বিশ্বকাপে রোনালদোকে বেঞ্চে বসিয়ে সমালোচিত এবং বরখাস্ত হয়েছিলেন পর্তুগালকে ইউরো জেতানো কোচ ফার্নান্দো সান্তোস। তবে বর্তমান কোচ রবার্তো মার্তিনেজ সেই ঝুঁকি নিচ্ছেন না। সেটা তাকে কেমন ফল এনে দেয়, তা সময়ই বলে দেবে।