
প্রতিনিধি 2 March 2026 , 3:26:23 প্রিন্ট সংস্করণ

তেহরানে আমেরিকা-ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রোববার (১ মার্চ) পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। এ সময় ২০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়।
সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকিস্তানের শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের নেতৃত্বে সেখানে তীব্র বিক্ষোভ হয়। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করলে করাচিতে ১০ জন, স্কার্দুতে কমপক্ষে আটজন এবং রাজধানী ইসলামাবাদে দুজন নিহত হন।

২৫ কোটিরও বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি শিয়া সম্প্রদায়ের মানুষ এবং তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পাকিস্তানি শিয়াদের বিক্ষোভের বিষয়ে আলজাজিরা জানিয়েছে, ইসলামাবাদে, হাজার হাজার মানুষ রেড জোনের কাছে জড়ো হয়েছিল, যেখানে সংসদ, সরকারি অফিস এবং বিদেশি দূতাবাস অবস্থিত। বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছিল – ‘যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তারা বিশ্বাসঘাতক’ এবং ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছিল।
৫,০০০ থেকে ৮,০০০ মানুষ, নারী ও শিশু রাজধানী ইসলামাবাদের বৃহত্তম হোটেলগুলোর একটির কাছে জড়ো হয়েছিল। এ সময় তাদের সঙ্গে ছিল খামেনির ছবিসংবলিত প্ল্যাকার্ড।