
প্রতিনিধি 21 June 2026 , 1:26:09 প্রিন্ট সংস্করণ

২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেছিল জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলটি অবশেষে কাটিয়ে উঠেছে সেই দুঃস্বপ্ন। ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষে তারা নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।
২০১৪ সালে শিরোপা জয়ের পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই ব্যর্থতার ভার নিয়েই এবারের আসরে মাঠে নেমেছিল দলটি। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি তাই ছিল তাদের জন্য বড় এক পরীক্ষা।
তবে ম্যাচের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। এরপর দীর্ঘ সময় লিড ধরে রেখে জার্মানিকে চাপে রাখে আফ্রিকার প্রতিনিধিরা।
এই ম্যাচের আগে বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচে আগে গোল হজম করে মাত্র একবার জিতেছিল জার্মানি। সেই পরিসংখ্যানও তাদের জন্য সুখকর ছিল না।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬০তম মিনিটে কোচ জুলিয়ান নাগেলসম্যান একসঙ্গে তিনটি পরিবর্তন এনে নতুন গতি যোগ করেন দলে। আলেকজান্ডার পাভলোভিচ, লিরয় সানে ও জামাল মুসিয়ালার পরিবর্তে মাঠে নামেন নাদিয়েম আমিরি, জেমি লেভেলিং এবং ডেনিজ উন্দাভ।
পরিবর্তনের সুফলও দ্রুত পায় জার্মানি। ৬৮তম মিনিটে আমিরির ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতাসূচক গোল করেন উন্দাভ। এরপর ম্যাচ গড়ায় রোমাঞ্চকর পরিণতির দিকে।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস পেয়ে বক্সের ভেতরে ঘুরে দাঁড়িয়ে জোরালো শটে জয়সূচক গোল করেন উন্দাভ। তাতেই ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে জার্মানি।
আইভরি কোস্টের জন্য ম্যাচটি ছিল আক্ষেপের। ৮৮তম মিনিটে সাইমন আদিংরার সামনে স্পষ্ট গোলের সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেননি তিনি। সুযোগটি কাজে লাগাতে পারলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত দলটি।
এই জয়ে শুধু নকআউট পর্বই নিশ্চিত হয়নি, গড়েছে নতুন একটি রেকর্ডও। বিশ্বকাপের ইতিহাসে পিছিয়ে পড়ার পরও সর্বোচ্চ ১৬টি ম্যাচ জয়ের কীর্তি এখন জার্মানির। এ ক্ষেত্রে তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলের ১৫ জয়ের রেকর্ড।
এ ছাড়া ম্যাচটিতে মাঠে নেমে বিশ্বকাপে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন ম্যানুয়েল নয়্যার।
গ্রুপ ‘ই’-তে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরি কোস্ট।