
প্রতিনিধি 23 May 2026 , 6:06:25 প্রিন্ট সংস্করণ

মরুর বুকে কাতার বিশ্বকাপ জয়ের সেই ঘোর কাটেনি আজও। তবে আলবিসেলেস্তেরা এবার প্রস্তুত আরও এক মহাকাব্যের জন্য। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বিশ্বজয়ের এই যাত্রায় মেসি-স্ক্যালোনিদের সঙ্গী হচ্ছে এক বিশেষ আকাশযান। আর্জেন্টিনার নিজস্ব বিমান সংস্থা ‘অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস’ উন্মোচন করেছে জাতীয় দলের জন্য বিশেষভাবে তৈরি করা একটি এয়ারবাস।

নীল আর সাদার সেই চিরচেনা মোহ। যে রঙ দেখলে কোটি বাঙালির বুকেও আছড়ে পড়ে আটলান্টিকের ওপারের উন্মাদনা। এবার সেই রঙেই আকাশ মাতাতে প্রস্তুত লিওনেল মেসির আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সাজ সাজ রব। আলবিসেলেস্তেদের জন্য প্রস্তুত করা হচ্ছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের বিশেষ এক এয়ারবাস। যার ডানায় ভর করে উত্তর আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে উড়াল দেবেন বিশ্বচ্যাম্পিয়নরা।
অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা বলেন, ‘এই বিমানটির মূল ভাবনাই হলো, চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের অভিযানে জাতীয় দলের সঙ্গী হওয়া। আমাদের নিজস্ব কর্মশালায় কর্মীরা দিনরাত এক করে এর র্যাপিং, লেজ, ইঞ্জিন আর নিচের অংশের কাজ করেছেন। আমরা জোর দিয়েছি ১০ নম্বরের ওপর, যা প্রতিটি আর্জেন্টাইনের কাছে এক আবেগের নাম। আশা করছি এবারও আমরা ইতিবাচক ফল পাব এবং দেশে চতুর্থ ট্রফিটি নিয়ে আসতে পারব।’


এই বিমানটি শুধু লোহার তৈরি কোনো যান নয়, যেন আস্ত একটা আর্জেন্টিনা! এর লেজে জ্বলজ্বল করছে সেই জাদুকরী ‘নম্বর ১০’, যা দিয়ে এককালে বিশ্ব কাঁপিয়েছেন দিয়াগো ম্যারাডোনা, আর এখন যা কোটি সমর্থকের স্বপ্নসারথি লিওনেল মেসির চেনা নম্বর। বিমানের দুই ইঞ্জিনে শোভা পাচ্ছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক ‘সি. এবং তিনটি সোনালী তারা।
আর্জেন্টাইন ফুটবলারদের কুসংস্কার আর সৌভাগ্যের প্রতি বিশ্বাসের গল্পটাও এখানে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। কাতারের মাটিতে বিশ্বজয়ের আগেও তারা পাড়ি জমিয়েছিলেন এমনই এক এয়ারবাসে। তাই চেনা আকাশযানে চড়েই আবারও অপয়া কাটার স্বপ্ন দেখছেন স্কালোনির শিষ্যরা।
পাবলো দা গ্রাভা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীর বুকে আর্জেন্টাইন একটা বিমান তৈরি করা। আর এই পুরো কাজটা করেছে আমাদের দেশেরই মানুষ, আমাদের নিজস্ব বিমান সংস্থায়। অ্যারোলিনিয়াস পরিবারের সদস্য হিসেবে জাতীয় দলকে বহন করার এই সুযোগ আমাদের জন্য এক পরম সৌভাগ্যের এবং অনন্য এক অনুভূতি।’
আগামী ১১ জুন মেক্সিকো, কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের। যেখানে গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নেরা। কোটি ভক্তের প্রার্থনা আর বুকভরা প্রত্যাশা নিয়ে নীল-সাদার এই বিমানটি যখন আমেরিকার আকাশে ডানা মেলবে, তখন প্রতিটি আর্জেন্টাইনের মনে প্রতিধ্বনিত হবে একটাই সুর, ‘এবার লক্ষ্য, চতুর্থ নক্ষত্র।’