
প্রতিনিধি 20 July 2026 , 5:16:52 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ জিতে ফিফা র্যাংকিংয়ের এক নম্বর স্থান আর্জেন্টিনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্পেন। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ফেরান তোরেস গোল করে ডেডলক ভাঙেন এবং স্পেনের শিরোপা জয় নিশ্চিত করেন। ১-০ গোলের জয় থেকে স্প্যানিশরা ৩০.২৭ পয়েন্ট পেয়েছে।
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়া নরওয়ে ফিফা তালিকায় সবচেয়ে বেশি ধাপ ওপরে উঠেছে। আর্লিং হলান্ডের দল ১২ ধাপ এগিয়ে ৩১ নম্বর থেকে ১৯ নম্বরে চলে এসেছে। সেলেসাওদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ম্যাচটি থেকে নরওয়েজিয়ানরা সবচেয়ে বেশি ৩৩.৬১ পয়েন্ট পেয়েছে।
বিশ্বকাপে খেলার সুযোগ কাজে লাগিয়ে র্যাংকিংয়ের লিফটে চড়ে ওপরে ওঠা আরেকটি দেশ হলো ঘানা। ‘এল’ গ্রুপে তৃতীয় হয়ে নকআউট পর্বে গেলেও আফ্রিকান দলটি ৮ ধাপ এগিয়ে ৭৩ থেকে ৬৫ নম্বরে উঠে এসেছে। দ্বিতীয় পর্বে অবশ্য কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা।
ঘানার এই বড় লাফের কারণ হলো, র্যাংকিংয়ে তাদের আশেপাশের দলগুলোর পয়েন্টের ব্যবধান খুব কম ছিল। পুরো টুর্নামেন্টে তারা ৪০.১২ পয়েন্ট যোগ করেছে। পানামার বিপক্ষে ১-০ গোলের জয়টি তাদের এনে দেয় ৩৩.৮৩ পয়েন্ট।
এবারের বিশ্বকাপের অন্যতম ‘জায়ান্ট কিলার’ প্যারাগুয়ে দ্বিতীয় পর্বে জার্মানিকে পেনাল্টিতে বিদায় করে বড় চমক দেখায়। দক্ষিণ আমেরিকার এই দলটি শেষ ১৬-তে ফ্রান্সের কাছে হেরে গেলেও ফিফা র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে।
কারা সবচেয়ে বেশি ওপরে উঠেছে
বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে তিনটি ম্যাচ ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যায় এবং টুর্নামেন্ট চলাকালীন ৩১.৮৭ পয়েন্ট অর্জন করে। ভোজিনিয়ার দল দ্বিতীয় পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষ পর্যন্ত হেরে বিদায় নেয়।
যাদের সবচেয়ে বেশি অবনতি হয়েছে

বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নেওয়া দলগুলোর একটি তিউনিসিয়া। গ্রুপ পর্বের ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। ফলে আফ্রিকান দলটি ৪৯.৮২ পয়েন্ট হারিয়ে ফিফা র্যাংকিংয়ে ১২ ধাপ পিছিয়েছে। তারা ৪৫ নম্বর থেকে ৫৭ নম্বরে নেমে গেছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায় নেওয়া তিনটি দল- জর্ডান, পানামা ও উজবেকিস্তান ১০ ধাপ করে নিচে নেমে গেছে।
এবারের বিশ্বকাপের অন্যতম বড় হতাশার নাম উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার দল ফিফা র্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছে। সৌদি আরব, কেপ ভার্দে এবং স্পেনের গ্রুপে থাকা উরুগুয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং টুর্নামেন্টজুড়ে তাদের দলের অভ্যন্তরে নানা সমস্যা দেখা দিয়েছিল।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করল স্পেন। অন্যদিকে, শীর্ষ ১০-এর মধ্যে এই বিশ্বকাপে সবচেয়ে বড় লাফ দিয়েছে মেক্সিকো; টুর্নামেন্ট শুরুর আগে তারা ছিল ১৪ নম্বরে। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল।
শেষ ১৬-র ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নিলেও র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে ব্রাজিল।
ফিফা র্যাংকিংয়ের সবশেষ হালনাগাদে বাংলাদেশর কোনো উন্নতি কিংবা অনতি হয়নি। যথারীতি আগের মতোই ১৮১-তম স্থানে রয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৯০৭। প্রতিবেশি দেশ ভারত আছে এই তালিকার ১৩৮-তম স্থানে।
বর্তমান ফিফা র্যাংকিংয়ের সেরা ১০ দল
১. স্পেন- ১,৯৯৫.৮৮ পয়েন্ট।
২. আর্জেন্টিনা- ১,৯৭০.৩৭ পয়েন্ট।
৩. ফ্রান্স- ১,৯৪৮.৯৭ পয়েন্ট।
৪. ইংল্যান্ড- ১,৯২২.৮৩ পয়েন্ট।
৫. ব্রাজিল- ১,৮০৪.৯২ পয়েন্ট।
৬. মরক্কো- ১,৮০৩.৯৯ পয়েন্ট।
৭. পর্তুগাল- ১,৭৮৭.৮৫ পয়েন্ট।
৮. বেলজিয়াম- ১,৭৭৮.৩৬ পয়েন্ট।
৯. নেদারল্যান্ডস- ১,৭৭৫.৫৪ পয়েন্ট।
১০. মেক্সিকো- ১,৭৫৪.৩০ পয়েন্ট।