
প্রতিনিধি 21 June 2026 , 4:54:56 প্রিন্ট সংস্করণ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে স্বাগতিকদের পারফরম্যান্স গ্রাফও। ব্যাটারদের ধারবাহিক ব্যর্থতায় প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল আগেই। তাই আজকের ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। কিন্তু এখানেও ব্যর্থ টাইগাররা। ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে টাইগারদের হোয়াইটওয়াশ করল অজিরা।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া। শরিফুলের করা ওই ওভারে ৪ বাউন্ডারিতে আসে ১৭ রান। এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিচেল মার্শ একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। এই ওপেনার ২৮ বলে করেছেন ৬০ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে রানবন্যার সাগরিকায় ডট বল আর উইকেট হারানোর মহড়া দিয়েছে টাইগার ব্যাটাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বনিম্ন সংগ্রহ ৭০, আর চট্টগ্রামে ১০৮ রান। অধিনায়ক হৃদয়ের ৬১ রানের ইনিংসে সেই লজ্জা থেকে কোনোমতে মুক্তি পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।