
প্রতিনিধি 23 May 2026 , 12:16:48 প্রিন্ট সংস্করণ

এখনো অবসর ঘোষণা না করলেও দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলেন না সাকিব আল হাসান। সম্প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যায়নি তাকে। তবে এবার জানা গেল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিচ্ছেন তিনি।
সরাসরি চুক্তিতে এলপিএলের দল ‘জাফনা কিংস’ ভিড়িয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। শুক্রবার (২২ মে) নিজেদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে এলপিএল।
এলপিএল তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি জাদুকর। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’

সাকিবের বন্দনায় তারা লিখেছে, ‘দলের যখন স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান করেন। ম্যাচে যখন একটি ব্রেকথ্রু (উইকেট) প্রয়োজন, তখন নেন উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় রাখেন চরম আত্মসংযম।’
সাকিবের প্রশংসায় তারা আরও লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস ইতোমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির জোগান দিলো।’
প্রসঙ্গত, এলপিএলে এর আগেও দেখা গেছে সাকিবকে। ২০২৩ সালে আসরটিতে খেলেছেন তিনি। সেবার অবশ্য গল টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।