
প্রতিনিধি 27 January 2026 , 1:04:22 প্রিন্ট সংস্করণ

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নিজের বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমীর বলেন, ‘যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন রয়েই যায়।’
অভিযোগ করে তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।’
‘হ্যাঁ’ ভোট জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ, ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে হেরে যাবে দেশ- এমন মন্তব্য করেন তিনি।

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। এই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়।’
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করে চাঁদাবাজদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে আসা হবে বলে ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমীর বলেন, ‘যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না- সেই দল যতবড় দলই হোক তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আপনারা দেশ গড়ার আগে; নিজের দলকে গড়েন ভালো করে। এতে দেশ লাভবান হবে; আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার হলে সেটাও আমরা করবো। তারপরেও আল্লাহর ওয়াস্তে শৃঙ্খলার দিকে আসেন। দল হিসাবে জামায়াত সহকর্মীদের সামলিয়ে রাখতে পারে, সেই দলই বাংলাদেশকে সামলে রাখতে পারবে।’
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনায় আরও তিনটি জনসভা এবং দু’টি পথসভা করবেন ডা. শফিকুর রহমান।