
প্রতিনিধি 21 January 2026 , 8:37:49 প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে তিনি সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশান থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সিলেটের উদ্দেশে রওনা করেন।

অপরদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিমানবন্দর এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। শেষে দক্ষিণ সুরমার সিলামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন। আর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, তারেক রহমান বুধবার রাত ৮টার কিছু পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে যাবেন। সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, দলীয় প্রধানের দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সিলেটে প্রথম সফর। প্রায় ২১ বছর আগে সর্বশেষ যখন তিনি সিলেট সফরে এসেছিলেন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন।