
প্রতিনিধি 20 January 2026 , 8:59:47 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিভাগের ১৩টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) সাড়ে ৪টা পর্যন্ত ৮ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। প্রত্যাহারকারীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন। বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এখন (বিকেল ৪টা) পর্যন্ত ঢাকা বিভাগের ১৩টি আসন থেকে মোট ৮ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে বিভিন্ন ইসলামী ও বামধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব রয়েছে। প্রত্যাহারকারীদের তালিকায় ঢাকা-১০ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী রয়েছেন। ঢাকা-১৮ আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী বিলকিস নাসিমা রহমান এবং একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহম্মদ আশরাফুল হক তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এছাড়া ঢাকা-১৬ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আহসানউল্লাহ এবং খেলাফত মজলিসের আরেক প্রার্থী মো. রিফাত হোসেন মালিক প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একইদিনে ঢাকা-১৭ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মো. এমদাদুল হক সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এদিকে ঢাকা-৫ আসন থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মোখলেছুর রহমান কাছেমী এবং ঢাকা-৯ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মো. ফয়েজ বখ্স সরকার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যেই এসব আবেদন গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীতালিকা হালনাগাদ করা হচ্ছে। অপরদিকে-নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকার ১৩টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।