
প্রতিনিধি 17 June 2026 , 11:29:30 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আজ সকালে প্রধানমন্ত্রী ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। তিনি আকাশ পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা দেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে রওনা হবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে যাত্রা করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে রিসোর্টে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
সফরসূচি অনুযায়ী, রাত ৮টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারেক খন্দকার বলেন, “২০০৪ সালে তারেক রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল সফর করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত।”
অন্যদিকে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, “এটি আমাদের জেলার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বিএনপি সরকার গঠনের মাত্র চার মাসের মধ্যে প্রধানমন্ত্রীর এই সফর সত্যিই আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমরা এত দ্রুত এই সফর হবে বলে ভাবিনি।”