
প্রতিনিধি 11 June 2026 , 4:32:43 প্রিন্ট সংস্করণ

সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে শিগগিরই পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এই স্বাস্থ্যকর্মীদের ৮০ ভাগই হবে নারী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশব্যাপী একটি টেকসই, আধুনিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলেও সময়মতো প্রয়োজনীয় ওষুধ ও টিকা পৌঁছানো যায়।

বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অবহেলা ও পরিকল্পনার অভাবে শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যে প্রায় শতভাগ শিশুকে হাম-রুবের টিকা দিয়েছে।
একইসঙ্গে নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ এবং নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান তিনি।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির এক শতাংশের ওপরে রাখা হয়েছে। আগামী বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা। যা চলতি অর্থবছরের প্রায় দ্বিগুণ। চলতি অর্থবছরে বরাদ্দ ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা ।