
প্রতিনিধি 16 April 2026 , 6:03:08 প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে রহিমা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার আড়পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নুরুল গাজী পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঠা জমি দান করে দেন। এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সঙ্গে তার মামা ও মামাতো ভাইদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে যান। এ সময় ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জিলানী জানান, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।’
গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।